নিউইয়র্কে একটি রাত কাটানোর সাহস নেতানিয়াহুর নেই: ইহুদিবাদী বিশ্লেষক
-
বেনিয়ামিন নেতানিয়াহু
পার্সটুডে-ইসরায়েলি বিশ্লেষক শালোম ইয়েরুশালমি এক নিবন্ধে স্বীকার করেছেন-বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি বিরূপতা, ঘৃণা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বেড়েছে।
তিনি লিখেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর এখন আর আগের মতো নয়। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তিনি শহরটিতে এক রাতও থাকার সাহস করছেন না বলে ওই বিশ্লেষক দাবি করেছেন।
ইরনার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এ প্রকাশিত নিবন্ধে ইয়েরুশালমি লেখেন, নেতানিয়াহু বৃহস্পতিবার প্রায় গোপনে এমন একটি শহরে ২৪ ঘণ্টারও কম সময়ের সফরে নিউইয়র্কে পৌঁছান, যে শহরটি তার কাছে বিশ্বের অন্য যে-কোনো শহরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল একটি “ঘৃণিত ও পরিত্যক্ত দেশে” পরিণত হয়েছে এবং পরিস্থিতির উন্নতি তো হয়ই নি, বরং দিন দিন আরও খারাপ হচ্ছে।
নেতানিয়াহুর কর্মকাণ্ডের সমালোচনা করে ইয়েরুশালমি আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু ও ইসরায়েলের অবস্থানের অবনতির কথাও উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন-কীভাবে ইসরায়েল এমন অবস্থায় পৌঁছাল, যেখানে ৭ অক্টোবরের হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের প্রতি সমর্থন জানাতে দ্রুত ইসরায়েলে গিয়েছিলেন, অথচ এখন নেতানিয়াহুকে জাতিসংঘের করিডোর দিয়ে গোপনে বেরিয়ে যেতে হচ্ছে এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের কাছ থেকেই চাপের মুখে পড়তে হচ্ছে; এমনকি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন নি বলে ওই বিশ্লেষক দাবি করেন।
এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী শুক্রবার ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর নিউইয়র্ক ত্যাগ করেন। সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ব্যাপক প্রতিবাদ এবং বেশ কয়েকটি কূটনৈতিক প্রতিনিধিদলের হল ত্যাগের পরই তারা নিউইয়র্ক ছাড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।