ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার, ৮ দিনে ৪৩ শতাংশের মৃত্যু
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৪২ জনে। করোনা সংক্রমণের কারণে এ পর্যন্ত ১ হাজার ৮৮৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯০ জন করোনা রোগী বেড়েছে এবং ১০৩ জন মারা গেছে। এপর্যন্ত ১৬ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গত আট দিনে খুব দ্রুত হারে বেড়েছে। গত আট দিনে ২৩ হাজার ২৯২ টি নয়া সংক্রমণ হয়েছে, যা ভারতে প্রকাশ্যে আসা করোনা রোগীর মোট ৪১.৩৪ শতাংশ।
গত ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে করোনা রোগীর সংখ্যা ছিল ৩৩ হাজার ৫০। কিন্তু চলতি মে মাসের শুরু থেকে করোনার ঘটনা ধারাবাহিকভাবে বাড়ছে।
১ মে ১ হাজার ৯৯৩ নয়া সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছিল। ২ মে এই সংখ্যা ছিল ২ হাজার ২৯৩। ৩ মে ২ হাজার ৬৪৪, ৪ মে ২ হাজার ৫৫৩, ৫ মে ৩ হাজার ৯০০, ৬ মে ২ হাজার ৯৫৮, ৭ মে ৩ হাজার ৫৬১ এবং ৮ মে ৩ হাজার ৩৯০ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। অর্থাৎ গত সাত দিনে ২৩ হাজার ২৯২ টি সংক্রমণ বেড়েছে।
একইভাবে গত আট দিনে অর্থাৎ ১ মে থেকে আজ পর্যন্ত মোট ৮১২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। ভারতে, করোনা থেকে মোট মৃত্যুর ৪৩ শতাংশ চলতি মে মাসের শুরু থেকে গত আট দিনে রেকর্ড করা হয়েছে। এরফলে এটা স্পষ্ট যে দেশে করোনাভাইরাস সংক্রমণ এবং এথেকে মৃত্যুর সংখ্যা মে মাসে দ্রুত হারে বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের দাবি, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো বলেও তিনি দাবি করেছেন।
ভারতের সবচেয়ে বড় ও নামী হাসপাতাল এইমস-এর চিকিৎসক ডা. রণদীপ গুলেরিয়ার মতে, এটা করোনা আক্রান্তের শীর্ষ সময় নয় বরং আগামী জুন বা জুলাইতে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।