ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, মৃত ৩৪ হাজার ১৯৩
-
করোনাভাইরাস
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৯৩। আজ সকাল ৮ টা পর্যন্ত সরকারি পরিসংখ্যানে প্রকাশ দেশে এপর্যন্ত ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন।
আজ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৭৬৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ৯ লাখ ৮৮ হাজার ২৯ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে।
সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় গত ১২ দিনে দেশে পাঁচ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহ থেকে করোনা আক্রান্তের হার উর্ধ্বমুখী থাকার পরে গত দু’দিনে তা দশ শতাংশের নীচে নেমেছিল কিন্তু আজ বুধবার ফের তা কিছুটা বেড়ে গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১১.৮৭ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮৫৫ জনের। গত দু’দিনের তুলনায় যা বেশ খানিকটা কম।
ভারতের পশ্চিমবঙ্গে সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় আজ (বুধবার) রাজ্যজুড়ে সর্বাত্মক লকডাউন হয়েছে। আজ সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে রাত ১০ টা পর্যন্ত।
রাজ্যে নতুন করে লকডাউন প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি বলেন, ‘লকডাউন বিষয়টি প্রথম থেকে বিভ্রান্তিকর ছিল। এখানকার রাজ্য সরকারের লকডাউন মানার কোনও ইচ্ছা ছিল না। বিশেষ বিশেষ এলাকা বা সম্প্রদায়ের লোকও মানতে চায়নি। সেজন্য সমাজে লকডাউনের কোনও প্রভাব পড়েনি তার লাভও পাওয়া যায় নি।’
লকডাউনের পিছনে কোনও চিন্তাভাবনা বা পরিকল্পনা নেই বলেও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।