অসমে মহাজোট গড়ে বিজেপিকে চ্যালেঞ্জ করতে চায় কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i82394-অসমে_মহাজোট_গড়ে_বিজেপিকে_চ্যালেঞ্জ_করতে_চায়_কংগ্রেস
ভারতের বিজেপিশাসিত অসমে এআইইউডিএফকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিতে চাচ্ছে কংগ্রেস। গতকাল (মঙ্গলবার) অসমের গুয়াহাটিতে কংগ্রেস কোর কমিটির বৈঠকে এব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০২০ ১৫:৫৮ Asia/Dhaka
  • অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ
    অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ

ভারতের বিজেপিশাসিত অসমে এআইইউডিএফকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিতে চাচ্ছে কংগ্রেস। গতকাল (মঙ্গলবার) অসমের গুয়াহাটিতে কংগ্রেস কোর কমিটির বৈঠকে এব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি জানানো হয়েছে।

রাজ্য কংগ্রেস সভাপতি রিপুন বরা অবশ্য আগেভাগেই স্পষ্ট করেছেন, এআইইউডিএফের নির্দেশে চলবে না কংগ্রেস। মহাজোটের একটি অঙ্গ হিসেবে থাকবে এআইইউডিএফ।

একসময়ে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমলকে ‘হু ইজ বদরউদ্দিন আজমল’ বলে তীব্র কটাক্ষ করেছিলেন অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার  মাওলানা বদরউদ্দিন আজমলের নেতৃত্বাধীন এআইইউডিএফকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে ‘গেরুয়া শিবির’-এ আঘাত হানতে চাচ্ছে কংগ্রেস। তরুণ গগৈ অনেকদিন আগে থেকেই এআইইউডিএফের সঙ্গে জোট গড়ার পক্ষে সাফাই দিয়ে আসছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার সেদিকেই কংগ্রেস এগোচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।    

মঙ্গলবার রাজ্য কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেন, ‘শুধু এআইইউডিএফকে সঙ্গে নিয়ে আমরা জোট করব না।  ‘মহাজোট’ গঠন করে ভোটযুদ্ধে নামবে কংগ্রেস। সেই জোটে এআইইউডিএফও থাকবে। বিজেপি-বিরোধী সমস্ত দলের সঙ্গেই আমরা আলোচনায় বসে মহাজোটের রূপরেখা তৈরি করব।’ মহাজোট ক্ষমতায় গেলে এআইইউডিএফ প্রধান বদরউদ্দিন আজমল নন, কংগ্রেস থেকেই কেউ রাজ্যের  মুখ্যমন্ত্রী হবেন বলেও কংগ্রেস সভাপতি রিপুন বরা সাফ জানিয়ে দিয়েছেন। 

আব্দুল মান্নান লস্কর

এ প্রসঙ্গে আজ (বুধবার) অসমের হাইলাকান্দির বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন, ‘অসমে যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী তাঁরা চাচ্ছে যে একটা ‘ধর্মনিরপেক্ষ জোট’ গঠন হোক। এই ধর্মনিরপেক্ষ জোট গঠনের প্রথমেই আসে কংগ্রেস এবং এআইইউডিএফ। যেহেতু এই দুটি দল অ-বিজেপি’র মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী দল। অনেকদিন ধরেই এআইইউডিএফ ও কংগ্রেসের মধ্যে জোটের দাবী করছেন অনেকেই। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে যদি জোট গঠন হয় এবং আমরা আশাবাদী যে একটা জোট খুব শিগগিরি হতে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষমতাসীন বিজেপি একটা বড়সড় ধাক্কা খাবে। এবং ধর্মনিরপেক্ষ ভোট একদিকে মোড় নেবে। সেক্ষেত্রে বিজেপি’র অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি।’     

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।