ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবি: ‘পদ্মবিভূষণ’ সম্মান ফেরালেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী
-
ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন আব্যাহত
ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন আব্যাহত রয়েছে। এ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ওই আন্দোলন চলছে। চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল আজ (বৃহস্পতিবার) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ ফিরিয়ে দিয়েছেন।
অন্যদিকে, আজ সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও অকালি দল (ডেমোক্রেটিক) নেতা এবং রাজ্যসভার সদস্য সুখদেব সিং ধিন্দসা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘পদ্মবিভূষণ’ সম্মাননা ফিরিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন।‘পদ্মবিভূষণ’ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন।
আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় তিনি বলেন, ‘কৃষকদের জীবন-জীবিকা নিয়ে মারাত্মক উদ্বেগে রয়েছি। ভারত সরকারের উচিত নয়া কৃষি বিল প্রত্যাহার করে দেওয়া। অবিলম্বে বিল প্রত্যাহার না করা হলে আমরা রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামবো। আমরা প্রথম থেকেই এই কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে আসছি।’
এদিকে, আন্দোলনরত সংগঠনের অন্যতম সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক ও সিপিএমের সাবেক এমপি হান্নান মোল্লা বলেন, ‘ওই তিনটি আইনই আসলে ধাপ্পাবাজি। কৃষকদের উপার্জন বৃদ্ধির নামে মিথ্যে প্রতিশ্রুতি। সেজন্য এর কোনও সংশোধন নয়, পুরোটাই বাতিল করতে হবে। নইলে আন্দোলন চলবে।’ প্রয়োজনে সংসদের বিশেষ অধিবেশন ডেকে আইন বাতিলের দাবিও করেছে কৃষক সংগঠনের একাংশ।
কৃষক ইস্যুকে সমর্থন করে আগামীদিনে মোটর ট্রান্সপোর্ট সংগঠন ধর্মঘটের হুমকি দিয়েছে। সরকার কৃষকদের দাবি না মানলে আগামী ৮ ডিসেম্বর দেশজুড়ে ওই ধর্মঘট হতে পারে। এরফলে সব মিলিয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার প্রবল চাপে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।