ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড়ে নিহত বেড়ে ৯০, বিমান চলাচল ব্যাহত
-
উত্তর প্রদেশে প্রবল ঝড় বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে
ভারতের সবচেয় জনবহুল রাজ্য উত্তর প্রদেশে প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। ঝড়ে দমকা হাওয়ায় গাছ ও বিলবোর্ড উপড়ে গেছে, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি।
টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ঝড়ে ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদি পশু মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গাছ ও বাড়ির দেয়াল ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে তিনি উদ্ধার অভিযানের তাৎক্ষণিক কোনো বিবরণ দেননি।
আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ জানিয়েছে, প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন।
এদিকে, রাজধানী নয়াদিল্লির কিছু অংশে বৃষ্টিপাত হওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে পাঁচজন এবং প্রতাপগড়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চন্দৌলি ও কুশীনগরে দুজন করে এবং সোনভদ্র জেলায় একজনের মৃত্যু হয়েছে। কানপুর দেহাত ও দেওরিয়াতেও পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে।#
পার্সটুডে/জিএআর/১৪