কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ’-এ মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i85193-কৃষি_আইন_প্রত্যাহারের_দাবিতে_কৃষক_সংগঠনের_ডাকা_ভারত_বনধ’_এ_মিশ্র_প্রতিক্রিয়া
ভারতে কৃষি সংক্রান্ত নয়া আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ’-এ মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (মঙ্গলবার) অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ডাকা ভারত বনধের আহ্বানে সারাদেশে ৪ শতাধিক কৃষক সংগঠন শামিল হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২০ ১৬:২৬ Asia/Dhaka
  • কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ’-এ মিশ্র প্রতিক্রিয়া

ভারতে কৃষি সংক্রান্ত নয়া আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ’-এ মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (মঙ্গলবার) অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ডাকা ভারত বনধের আহ্বানে সারাদেশে ৪ শতাধিক কৃষক সংগঠন শামিল হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত তিনটি নয়া আইন তৈরি করেছে। সরকারের দাবি-ওই আইনের মধ্যদিয়ে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। কিন্তু কৃষকরা ওই তিন আইন অবিলম্বে প্রত্যহারের দাবিতে সোচ্চার হয়েছেন।

কৃষি আইনের প্রতিবাদে আজ ১৩ দিন ধরে একটানা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এরইমধ্যে সরকার পক্ষ ও কৃষক নেতাদের মধ্যে পঞ্চম দফার বৈঠক হলেও অচলাবস্থা দূর হয়নি।

আজ বনধকে কেন্দ্র করে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, 'মোদিজী,  কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন! সকল দেশবাসী জানেন যে আজকে ভারত বনধ। আমি সবার কাছে আবেদন জানাচ্ছি যে এই বনধকে সমর্থন করে অন্নদাতা কৃষকদের এই সংঘর্ষকে সফল করুন।'  

আজ পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ভারত বনধের সমর্থনে যাদবপুরে রেল অবরোধ করেন। কাকিনাড়ায় বামপন্থিরা রেল অবরোধ করেন।

রাজধানী দিল্লিতে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দোকানপাট ও সড়কে যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বনধের প্রভাব পড়েছে।উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সমর্থকরা কৃষকদের ভারত বনধের সমর্থনে প্রয়াগরাজে রেল অবরোধ করেন।কৃষি আইনের বিরুদ্ধে ডাকা ভারত বনধের সমর্থনে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে বামপন্থি বিভিন্ন দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

কর্ণাটকের বেঙ্গালুরুতে কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।আজ বিহারের হাজীপুর, জাহানাবাদ, খাগড়িয়া, দ্বারভাঙ্গাসহ বিভিন্ন জেলায় কৃষক ও মহাজোট কর্মীরা বনধ সফল করতে মাঠে নামেন।

ঝাড়খণ্ডে বনধের সমর্থনে বামপন্থিরা মোটর বাইক মিছিল বের করেন।রাজস্থানে অশোক গেহলট সরকারের পরিবহণমন্ত্রী প্রতাপ সিং কৃষকদের ডাকা বনধের সমর্থনে জয়পুরের রাস্তায় নেমেছিলেন। মন্ত্রী আজ একটি ট্রাক্টর চালিয়ে কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

জয়পুরে ভারত বনধকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এনএসইউআই এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘাত বাধলে ঘটনাস্থলে  পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।  আজ ভারত বনধকে কেন্দ্র করে বনধ সমর্থকরা বেশ কয়েক জায়গায় সড়কে টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। #

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।