জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ভারত ১৩১ নম্বরে
ভারত ২০২০ সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ১৩১ তম স্থানে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে ১৮৯ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
প্রতিবেদন অনুসারে, গতবছর ২০১৯ সালে ভারতীয়দের আয়ু ছিল ৬৯.৭ বছর। এ ছাড়া বাংলাদেশের মানুষদের ৭২.৬ বছর এবং পাকিস্তানে ৬৭.৩ বছর ছিল। মানব উন্নয়ন সূচী কোনও দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মানদণ্ড। এতে ভুটান ১২৯ তম, বাংলাদেশ ১৩৩ তম, নেপাল ১৪২ তম এবং পাকিস্তান ১৫৪ তম তালিকায় রয়েছে।
মানব উন্নয়ন সূচকে নরওয়ে শীর্ষে রয়েছে। এরপরে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং এবং আইসল্যান্ড স্থান পেয়েছে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি শোকো নোডা সাংবাদিকদের বলেন, ভারতের র্যাঙ্কিং হ্রাসের অর্থ এই নয় যে ভারত ভাল করেনি, বরং এর অর্থ অন্যান্য দেশ আরও ভাল করেছে। কার্বন নিঃসরণ হ্রাস করার প্রয়াস সম্পর্কে ইউএনডিপির প্রতিবেদনে ভারতের প্রশংসা করা হয়েছে।
গত (মঙ্গলবার) প্রকাশিত ইউএনডিপি-র প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে ক্রয় শক্তি সমতার (পিপিপি) ভিত্তিতে ভারতের মাথাপিছু মোট জাতীয় আয় ছিল ৬,৮২৯ মার্কিন ডলার এবং ২০১৯ সালে তা নীচেয় নেমে ৬,৬৮১ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লিঙ্গসমতা, দরিদ্রতা, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য, আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনসংখ্যা তত্ত্বের তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক রিপোর্ট তৈরি করে ইউএনডিপি। যে দেশ মানব উন্নয়ন সূচকে যত এগিয়ে সে দেশকে তত উন্নত বলে ধরা হয়।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।