নয়া করোনাভাইরাস: ব্রিটেনের সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ করল ভারত
https://parstoday.ir/bn/news/india-i85489-নয়া_করোনাভাইরাস_ব্রিটেনের_সঙ্গে_৩১_ডিসেম্বর_পর্যন্ত_বিমান_চলাচল_বন্ধ_করল_ভারত
ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মেলায় আপাতত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটেন সফরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।আগামীকাল (মঙ্গলবার) রাত ১১টা ৫০ মিনিট থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তার আগে পর্যন্ত ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২১, ২০২০ ১৫:৩২ Asia/Dhaka
  • নয়া করোনাভাইরাস: ব্রিটেনের সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ করল ভারত

ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মেলায় আপাতত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটেন সফরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।আগামীকাল (মঙ্গলবার) রাত ১১টা ৫০ মিনিট থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তার আগে পর্যন্ত ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্রিটেন থেকে কোনও বিমান ভারতে প্রবেশ করতে পারবে না। একইভাবে ভারত থেকে কোনও বিমান ব্রিটেনের উদ্দেশেও রওয়ানা দেবে না।

ব্রিটেনে করোনাভাইরাসের নয়া প্রজাতির সন্ধান পাওয়ার পরে ভারতে বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা চলছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ব্রিটেনের সঙ্গে আপাতত বিমান সংযোগ বন্ধ রাখতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপরে আজ (সোমবার) দুপুরে চূড়ান্ত  সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রণালয়। একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘পরিস্থিতি  বিবেচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আগত বিমানের ভারতে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই একইসময়ে ভারত থেকে কোনও বিমানও ব্রিটেনের উদ্দেশে রওয়ানা দেবে না।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন অবশ্য ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন (প্রজাতি) নিয়ে ভারতে আতঙ্কের কোনও কারণ নেই বলে দাবি করেছেন। আজ  সোমবার জনসাধারণের উদ্দেশে তাঁর আবেদন,  ‘এই মুহূর্তে কাল্পনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে অযথা আতঙ্ক ছড়াবেন না। বিষয়টি নিয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।