কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে: শিবেসেনা
ভারতে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে। আজ (রোববার) দলীয় মুখপত্র ‘সমানা’য় একটি বিশেষ নিবন্ধের মাধ্যমে তিনি ওই মন্তব্য করেছেন।
সঞ্জয় রাউত কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে আরও বলেন, ‘বিজেপিশাসিত নয় এমন রাজ্যগুলোকে উপেক্ষা করার ধারণার সাথে তাঁর সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। মধ্য প্রদেশে কংগ্রেস সরকারের পতনের মধ্য দিয়ে বিজেপি সরকার গঠন, কাশ্মীরে অস্থিতিশীলতা রয়েছে, পাঞ্জাবের কৃষকরা সমস্যায় রয়েছেন। মুম্বাইতে মেট্রো প্রকল্প বন্ধ করা হচ্ছে।’ ষড়যন্ত্র বন্ধ না হলে ভারত সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে যাবে বলেও শিবসেনা নেতা সঞ্জয় রাউত মন্তব্য করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যদি বুঝতে না পারে যে আমরা রাজনৈতিক লাভের জন্য মানুষকে ক্ষতিগ্রস্থ করছি, তাহলে রাশিয়া যেভাবে ভেঙে গিয়েছিল, আমাদের দেশে তা হতে বেশি সময় লাগবে না।
এদিকে, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। দলটির মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেছেন, ‘এ ধরণের মন্তব্য গ্রহণযোগ্য নয়। শিবসেনা মুসলিম লীগের মতো কথা বলছে। তাঁরা কংগ্রেসের সাথে জোটে রয়েছেন এবং আমি মনে করি ওঁরা কংগ্রেস দল এবং 'টুকরে টুকরে গ্যাং'য়ের আদর্শ দ্বারা প্রভাবিত হচ্ছেন’ বলেও বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন মন্তব্য করেছেন।
সঞ্জয় রাউত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যায় পড়েছে। সরকারের কাছে কোনও অর্থ নেই, কিন্তু নির্বাচন লড়ার জন্য এবং রাজ্যসরকারগুলোকে ফেলে দেওয়ার জন্য অর্থ রয়েছে। দেশ রাজস্বের চেয়ে বেশি ঋণের দিকে এগিয়ে যাচ্ছে। রাউত কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী যদি এই পরিস্থিতিতে শান্তিতে ঘুমোতে পারেন তবে তার প্রশংসা করা উচিত।
তিনি বলেন, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘মধ্য প্রদেশে সরকার পতনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী যদি রাজ্যগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা উপভোগ করেন এবং নিজেদের সরকার (বিজেপি) গঠন করতে পারেন তাহলে কে কী বলতে পারে।’ উনি গোটা দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্র, রাজ্যগুলোকে একত্রিত করার জন্য গঠিত হয় বলেও শিবসেনা নেতা সঞ্জয় রাউত মন্তব্য করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।