জেলে থাকতে হলেও বিজেপি’র কাছে মাথানত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি’র কাছে মাথানত করব? তার থেকে নিজের গলা নিজে কেটে দেবো।’ তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরশুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘দরকার হলে রক্ত দিয়ে কাজ করব। আমাদের শপথ বাংলায় বহিরাগত বিজেপিকে ঢুকতে দেবো না। এখানে যারা থাকেন তারা বহিরাগত নয়। যারা বাইরের থেকে লুটোপুটি করে এসে বলছেন, আমরা বাংলাকে গুজরাট বানিয়ে দেবো। আমরা বলেছি, গুজরাট বাংলা হয়ে যাবে কিন্তু বাংলাকে আপনারা গুজরাট বানাতে পারবেন না। ওরা বলেছেন, আমরা দেখে নেবো। হয় জেলে থাকো না হয় ঘরে থাকো। আমি জেলে থাকতে রাজি আছি কিন্তু বিজেপির ঘরে থাকতে রাজি নই। যতদিন বেঁচে থাকব মাথা উঁচু করে লড়াই করবো।’
মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বিজেপি সম্পর্কে বলেন, ‘বিজেপি হল দাঙ্গাবাজ, লুটেরাবাজ, গুন্ডাবাজ, মিথেবাদী। ওরা মিথ্যে ভিডিও দেখায়। সব ‘ফেক’। ওদের কোনও ভিডিও বিশ্বাস করবেন না। সব ফেক। ওরা ভিডিও বানায়, তৈরি করে। বিজেপি পার্টিটাই এখন ফেক হয়ে গেছে। ফেক আর ভেক। ভেকধারী পার্টি হয়ে গেছে। সেজন্য ওই পার্টিকে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে।’
তৃণমূল ছেড়ে যেসব নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের সম্পর্কে কটাক্ষ করে মমতা বলেন, ‘বিজেপি হচ্ছে একটা ‘ওয়াশিং মেশিন’। ‘ওয়াশিং মেশিন ভাজপা’ (ভারতীয় জনতা পার্টি)। চোরগুলো যাচ্ছে, ওয়াশিং মেশিনে স্নান করছে। সেখানে স্নান করলেই সানলাইটে সাদা যাচ্ছ! যে অনেক টাকা করেছে, যার অনেক টাকা গচ্ছিত আছে তাদের জন্য বিজেপি। কালো টাকাকে সাদা টাকা করবার জন্য কেউ কেউ লোভী আছে, কেউ কেউ ভোগী আছে। ভাবছে একটু বিজেপিতে গিয়ে নাম লেখাই। আমি তাদের বলি ভালো করে নাম লেখাও। এরপরে আর তৃণমূলে ফিরে আসবার চেষ্টা করবে না। আমরা তোমাদের নেবো না।’
‘যারা যারা বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছেন, তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে। তাড়াতাড়ি চলে যান ওদের পায়ে গিয়ে পড়ুন! বাংলা আপনাদের চায় না। তৃণমূল আপনাদের চায় না’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।