মমতা জীবিত থাকতে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i87912-মমতা_জীবিত_থাকতে_আপনাদের_কেশাগ্র_কেউ_স্পর্শ_করতে_পারবে_না_অভিষেক
সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৫:২২ Asia/Dhaka

সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।

অভিষেক বিজেপি নেতাদের টার্গেট করে বলেন, "আপনাদের কাছে ভোটার পরিচয়পত্র আছে, আর বলছে মতুয়াদের ‘নাগরিকত্ব’ দেবো! আরে কে ভাই তুমি নাগরিকত্ব দেওয়ার? তোমার নিজের, বাবার, দাদার, ঠাকুরদার কাগজপত্র নিয়ে বাংলায় পরের র‍্যালিতে দেখাবে তারপরে মতুয়াদের কাছে কাগজ (নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র) দেখতে চাইবে।"

উপস্থিত মতুয়া ভক্ত, অনুসারীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "অসমে দেখেছেন তো কী হয়েছে? জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র নামে ১৯ লাখের মধ্যে ১২ লাখ হিন্দু বাঙালির নাম বার করে দিচ্ছে! ১৯ লাখের মধ্যে ১২ লাখই হিন্দু বাঙালি শুনে রাখুন। ওদিকে প্রধানমন্ত্রী  রামলীলা ময়দানে বলেছেন, এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এসে বলছেন সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ কার্যকর হবে। তাহলে দেখুন কে ভাঁওতা দিচ্ছে!"

তিনি বলেন, "আপনারা কী ওই ফাঁদে পা দেবেন? আগামীদিন বাংলার স্বার্থে লড়াই করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে লড়াই করবেন? বাংলার মাটির স্বার্থে লড়াই করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের (মুখ্যমন্ত্রী) হাত শক্তিশালী করবেন? তৃণমূল কংগ্রেসকে জেতাবেন? বাংলাকে জেতাবেন? ঠাকুরনগরকে জেতাবেন?" উপস্থিত জনতা এসময়ে সমস্বরে হ্যাঁ সূচক সম্মতি দেন।

অভিষেক বলেন, "আপনারা ২০১৯ সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিজেপি নেতারা কী বলেছিল, ‘অনুপ্রবেশকারী’দের (বাংলাদেশি) বের করে দেবো। ওদিকে চীন অরুণাচল প্রদেশে জনবসতি তৈর করেছে। অনুপ্রবেশকারী তো চীন নিয়ে কী হচ্ছে বাবা অরুণাচল প্রদেশে? মোদির ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি পাঁচ ইঞ্চি হয়ে গেছে না কি! আমরা তো চাই ভারতবর্ষের ভূখণ্ড যে দেশ দখল করার দুঃসাহস দেখাবে তা সে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান বা চীন হোক তাকে কড়ায়গণ্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হোক। তাহলে নির্বাচনের পরে এখন চীন অরুণাচল প্রদেশে গ্রামের পর গ্রাম দখল করেছে, ওদিকে গালওয়ান উপত্যকা দখল করেছে, বাড়ির পর বাড়ি, রাস্তার পর রাস্তা তৈরি করেছে। আর অমিত শাহ (স্বরাষ্ট্র মন্ত্রী) এখানে এসে বলছে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করা হবে। আরে অনুপ্রবেশকারীদের বের করে দিতে হলে অরুণাচল প্রদেশ যাও চীনকে বের করে দাও দেখতে চাই কত হিম্মত আছে। আমরা চাই চীনকে বের করে দেওয়া হোক।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ স্লোগান তোলেন বহিরাগতদের (ভিন রাজ্যের বিজেপি নেতা) দিন বিদায়’ উপস্থিত জনতা এসময়ে সমস্বরে বলেন, 'বাংলা নিজের মেয়েকে (মমতা) চায়'। স্লোগান ওঠে 'মোদি আসে, মোদি যায়, বাংলা নিজের মেয়েকে চায়'।

অভিষেক এদিন মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নাম উল্লেখ করে 'জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল' বলার পাশাপাশি, 'জয় হিন্দ', 'জয় বাংলা' স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ