নন্দীগ্রামে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i88506-নন্দীগ্রামে_মমতাকে_ধাক্কা_মেরে_ফেলে_দেওয়ার_অভিযোগ_মিশ্র_প্রতিক্রিয়া
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (বুধবার) রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামের রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়ে তাঁকে ৪/৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতা নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহত অবস্থায় তাঁকে কোলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১০, ২০২১ ২০:২৮ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (বুধবার) রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামের রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়ে তাঁকে ৪/৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতা নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহত অবস্থায় তাঁকে কোলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, ‘এটা ষড়যন্ত্র। বিরোধীদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রীর উপরে আঘাত হানা হল। চরম নিন্দনীয় ঘটনা।’

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, ‘বিজেপি ওই ঘটনা ঘটিয়েছে। প্রচারের প্রথমদিনেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গেই আছেন। এরপরেই ওই হামলা হল।’

এ সম্পর্কে রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া এমন ‘নাটক’ করেন। এটা সমবেদনা পেতে রাজনৈতিক ভণ্ডামি।’

নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ‘নাটক’ করেন। এটা তাঁর আরও একটা নাটকই।’

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘উনি তো মুখ্যমন্ত্রী। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। রাজ্যে আইন-শৃঙ্খলা তো তাঁর হাতেই। তিনি যদি এরকমভাবে আক্রান্ত হন, তাহলে রাজ্যবাসীর কী অবস্থা হবে?’ ওই বিষয়ে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তের দাবি জানান। তিনি বলেন, ‘যাই হোক না কেন, তদন্ত করে দেখা হোক। মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখুক নির্বাচন কমিশনও।’

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘ওই ঘটনায় রাজনীতি হওয়া উচিৎ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কোনও রাজনৈতিক দলের হামলা করার হিম্মত আছে কি না, তা জানা নেই। তবে উনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। সিবিআই তদন্ত হোক, দোষীদের শাস্তি পাওয়া উচিৎ। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।’

তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, ‘বিজেপি খুব নীচু স্তরে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় যাঁরা কটাক্ষ করছেন তাঁরা অসভ্য।’

এদিকে, মুখ্যমন্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে আজ রাতে গভর্নর জগদীপ ধনখড় তাঁকে দেখতে গেলে সেখানে তৃণমূল সমর্থকরা তাঁকে টার্গেট করে ‘গো ব্যাক’ ধ্বনি দেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী আহত হওয়ার খবরকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকরা রাজ্যের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।