বিজেপি আমাকে স্তব্ধ করতে পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i88748-বিজেপি_আমাকে_স্তব্ধ_করতে_পারবে_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আমি বিজেপিকে বলি আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কন্ঠ চলবে, তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। ভারতবর্ষে একটা লোকও যদি প্রতিবাদ করার না থাকে আমি থাকব জেনে রাখবে।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) বাঁকুড়ার ছাতনায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০২১ ১৪:৪০ Asia/Dhaka
  • বিজেপি আমাকে স্তব্ধ করতে পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আমি বিজেপিকে বলি আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কন্ঠ চলবে, তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। ভারতবর্ষে একটা লোকও যদি প্রতিবাদ করার না থাকে আমি থাকব জেনে রাখবে।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) বাঁকুড়ার ছাতনায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

মমতা বিজেপি’র উদ্দেশ্যে বলেন, ‘যতই তোমরা হামলা করো, হামলা আমরা সামলে নেবো। আগে দিল্লী সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা, বাংলাই থাকবে। বাংলা বহিরাগত গুণ্ডাদের হাতে যাবে না। বাংলা যদি বহিরাগত গুণ্ডাদের হাতে যায়, তাহলে মনে রাখবেন মা-বোন থেকে শুরু করে কারও নিরাপত্তা থাকবে না।’   

তিনি বলেন, ‘বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদছে। নির্বাচন কমিশনকে শ্রদ্ধা জানিয়েও বলছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করছে। আমার সন্দেহ আছে তিনি সবটা চালাচ্ছেন কি না। এই যদি  চলতে থাকে, ভারতবর্ষ বিক্রি হয়ে যাবে। মোদি বাবু নিজের নামে  স্টেডিয়াম করছেন, নিজের নামে রাস্তা করবেন। এরপরে দেশটাও কবে নিজের নামে তৈরি করে নিয়ে চলে যাবে। তখন ভারতবর্ষ আর, ভারতবর্ষ থাকবে না।’

মমতা বলেন, ‘কয়েকটা গুণ্ডা, তারা এখন বিজেপি করছে। কিছু গুণ্ডা আমাদের দলেও ছিল, যারা সিপিএম থেকে এসেছিল, তারা চলে গেছে আমি বেঁচে গেছি। আমি তাড়াবার আগেই পালিয়েছে। কিছু মীরজাফর, কিছু বিশ্বাসঘাতক, ওগুলো চলে গেছে আমি বেঁচে গেছি।’   

‘এখন তৃণমূল কংগ্রেস একদম মানুষের দল। মানুষের জন্য ছিল, মানুষের জন্য আছে, মানুষের জন্য থাকবে’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #      

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।