বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছে ‘দিদি’: নরেন্দ্র মোদি
-
বাঁকুড়ায় নির্বাচনি সমাবেশে নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ করে বলেছেন, বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছেন ‘দিদি’। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বাঁকুড়ায় বিজেপি’র এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুগণ, আসুন আমরা সংকল্পবদ্ধ হই এবার আসল পরিবর্তন হবে। এবার গড়ব ‘সোনার বাংলা’। এবার নিশ্চয় ক্ষমতায় আসছে বিজেপি। বাংলায় আসল পরিবর্তন আনবে বিজেপি। বাংলার উন্নয়নের জন্য আসল পরিবর্তন হবে। দিদি (মমতা) কাটমানির খেলা চলবে না, দুর্নীতির খেলা চলবে না, তোলাবাজির খেলা চলবে না।’
তিনি বলেন, ‘কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল আগেই বাংলাকে বরবাদ করেছে। এদের নীতির জন্য বাংলায় দ্রুতগতিতে উন্নয়ন হয়নি। কিন্তু যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেওয়া যায় না। কলেজ বিশ্ববিদ্যালয়ে আধুনিকীকরণের জন্য বিজেপির সরকার দরকার। ‘ডবল ইঞ্জিন সরকার’ (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) হলে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে ফাইবার অপটিক ইন্টারনেট হবে। ডবল ইঞ্জিনের সরকার হলে এখানে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হবে। ছয় হাজার টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিন, পদ্মফুলে ছাপ দিন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পানির সমস্যায় কষ্ট পাচ্ছেন বাঁকুড়ার মানুষ। দিদি ১০ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে পানীয় জল কোথায়? নিকাশি ব্যবস্থা কোথায়? কেন্দ্রীয় সরকারের টাকায় তৃণমূল নেতাদের পকেট ভরেছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত।’
‘বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে ২ মে দিদি যাচ্ছেন এবং বাংলায় আসল পরিবর্তন আসছে’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।
রাজ্যে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ২ মে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।