বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি আমরা: মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলায় আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা, সম্প্রীতি সব দিয়েছি।’ রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয়ে যায় সেজন্য সবাইকে সতর্ক করে দেন। একইসঙ্গে তিনি ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ও ‘আইএসএফ’ প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নাম না করে তাদের সমালোচনা ও কটাক্ষ করেন।
মমতা বলেন, ‘ওরা সংখ্যালঘুদের ভোট ভাগ করার চেষ্টা করছেন। কোথায় ছিলি বাবা দিল্লিতে যখন দাঙ্গা হল, বসে বসে খেয়েছিস, আর বারোটা বাজিয়েছিস! উত্তর প্রদেশে যখন দাঙ্গা হল, কোথায় ছিল, ভাষণ ছাড়া? গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল কোথায় ছিলি? বাংলায় দাঙ্গাটাঙ্গা হয়নি। বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা, সম্প্রীতি সব আমরা দিয়েছি। আমরা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, তপশিলি, আদিবাসী সকলেই একসঙ্গে কাজ করি। আজকে হঠাৎ এসেছ সংখ্যালঘুদের ভোট ভাগ করার জন্য। এদের থেকে সাবধান থাকবেন।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি’র হাতে স্টেনগান, জনগণ সাবধান। বহিরাগত গুণ্ডাদের হাটে স্টেনগান, জনগণ সাবধান। বহিরাগত গুণ্ডাদের সাপোর্ট দেবেন না। কোনোদিন দখল করে নেবে আপনার ঘর।’
বিজেপিশাসিত উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘আজকে উত্তর প্রদেশের মেয়েরা বেরোতে পারে না, দলিতরা বেরোতে পারে না, তপশিলিরা বেরোতে পারে না, সংখ্যালঘুরা বেরোতে পারে না। মনে রাখবেন বাংলাই আমাদের মক্কা, বাংলাই আমাদের মদীনা। বাংলাই তাজমহল, বাংলায় মাকালী মন্দির, বাংলায় দুর্গা মন্দির।’
আগামী ১ এপ্রিল একটা করে ভোট দিয়ে বিজেপিকে মাঠের বাইরে বের করে দেবেন, বোল্ড আউট করে দেবেন বলেও মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে আহ্বান জানান। #
পার্সটুডে/ এমএএইচ /বাবুল আখতার /২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।