শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি: পশ্চিমবঙ্গে অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i89522-শরণার্থীদের_সম্মানের_সঙ্গে_নাগরিকত্ব_দেবে_বিজেপি_পশ্চিমবঙ্গে_অমিত_শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অমিত শাহ আজ শীতলকুচি ও কালোচিনিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়া কয়েকটি জায়গায় রোড শো করেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১৪:৫৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    পশ্চিমবঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অমিত শাহ আজ শীতলকুচি ও কালোচিনিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়া কয়েকটি জায়গায় রোড শো করেন।  

বিজেপি নেতা অমিত শাহ বলেন, ‘আপনারাই বলুন বাংলায় অনুপ্রবেশের সমস্যার কোনও সমাধান হয়েছে কী? দিদি কিছুই করেননি। আমি কথা দিচ্ছি, ২ মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই অনুপ্রবেশকারী শুধু নয়, একটা পাখিও বাংলায় প্রবেশ করতে পারবে না।’

সমাবেশে অমিত শাহ

প্রসঙ্গত, বিজেপির চোখে বাংলাদেশ থেকে কথিত অবৈধভাবে আসা মুসলিমরাই কেবলমাত্র অনুপ্রবেশকারী। অন্যদিকে, অমুসলিমদের তাঁরা শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে দেখে থাকে।     

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে অমিত শাহ বলেন, ‘বাংলায় দিদি শুধু খেলা হবে, খেলা হবে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ আর দিদিকে ভয় পায় না। বাংলায় বিজেপি সরকার আপনারা গঠন করুন। আমরা এখানে এক নারায়ণী সেনা গঠন করব, যেখানে গোর্খা এবং রাজবংশী যুবকরা চাকরি পাবে। দিদির গুণ্ডারা কান খুলে শুনে নিন, আপনারা ভাববেন না যে বেঁচে গেছেন। ২ মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই যারা দুর্নীতি করেছে, যারা বিজেপি কর্মীদের হত্যা করেছে, তাদের খুঁজে বের করে জেলে বন্দি করা হবে। অমিত শাহ আরও বলেন, দিদির গুণ্ডারা তোলাবাজি করেছে। সিন্ডিকেট চালিয়েছে। আমফানের পয়সা লুট করেছে। বিজেপির ১৩০ জন কর্মীকে হত্যা করেছে। এ সব অন্যায় যারা করেছে, তারা সবাই জেলে থাকবে।’   

প্রথম দু’দফার নির্বাচনে বাংলার মানুষ পরিবর্তনের জন্য বিজেপিকে বহুলাংশে ভোটদান করে এটা স্পষ্ট করে দিয়েছে, যে ২ রা মে দিদি যাচ্ছেন আর বাংলায় ব্যাপকহারে পদ্ম ফুটতে চলেছে বলেও অমিত শাহ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।