করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত
ভারতে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৮ হাজার ৯১২ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৯০৪ জনের মৃত্যু হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। তবে, এ রোগে মৃত্যুর তালিকায় এখনো এগিয়ে আছে ব্রাজিল।
এর আগে করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল, ভারতের অবস্থান ছিল তৃতীয়। ব্রাজিলের চেয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮২১ বেশি। তবে করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনও শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন সংক্রমিত হয়েছেন। এরফলে সংক্রমণের মোট সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে একটানা ৬ দিন ধরে এক লাখেরও বেশি সংখ্যায় করোনাভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড হয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন। অন্যদিকে, সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১২ লাখ ১ হাজার ৯ জনে পৌঁছেছে। এরা বিভিন্ন হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
সুপ্রিম কোর্টের ৫০ শতাংশের বেশি কর্মী আক্রান্ত
অন্যদিকে, দেশের সুপ্রিম কোর্টেও করোনার প্রকোপ দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের পঞ্চাশ শতাংশের বেশি কর্মী এ পর্যন্ত করোনভাইরাসে সংক্রমিত হয়েছেন। এরফলে শীর্ষ আদালতের সমস্ত বিচারক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বাড়ি থেকে শুনানি করবেন। একইসঙ্গে আদালতকে স্যানিটাইজ করার কাজও চলছে। কিছু বিচারকও আগে করোনায় আক্রান্ত ছিলেন, তবে বর্তমানে তাঁরা সুস্থ আছেন।
পার্সটুডে/এমএএইচ/এআর/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।