ভারতে দ্রুতগতিতে বাড়ছে করোনা, আক্রান্ত যোগী আদিত্যনাথ, একদিনে মৃতের সংখ্যা ১,০২৭
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একদিনে ১ লাখ ৮৪ হাজারেরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মারা গেছেন ১ হাজারের বেশি করোনা রোগী।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা। একইসময়ের মধ্যে ১ হাজার ২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একটানা চারদিন ধরে দেশে দৈনিক দেড় লাখেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, গত ৮ দিন ধরে দৈনিক একটানা ১ লাখেরও বেশি করোনা সংক্রমণ হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৩৬ হাজার ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৩৯ জন। বর্তমানে ১৩ লাখ ৬৫ হাজার ৭০৪ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
এ দিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ করোনা সংক্রমিত হয়েছেন। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগী আদিত্যনাথ এক টুইট বার্তায় বলেন, ‘প্রাথমিক লক্ষণ দেখার পরে আমি কোভিড পরীক্ষা করেছি এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সেলফ আইসোলেশনে আছি এবং চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছি। আমি সমস্ত কাজ ভার্চুয়ালি সম্পাদনা করছি। রাজ্য সরকারের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অবশ্যই তদন্ত করে সতর্কতা অবলম্বন করতে হবে।’
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ যোগী আদিত্যনাথের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তার ওই সভা বাতিল করতে হয়েছে।#
এমএএইচ/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।