কর্ণাটকে পৌর নির্বাচনে বড় সাফল্য পেল কংগ্রেস, ধরাশায়ী বিজেপি
https://parstoday.ir/bn/news/india-i90976-কর্ণাটকে_পৌর_নির্বাচনে_বড়_সাফল্য_পেল_কংগ্রেস_ধরাশায়ী_বিজেপি
ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে পৌরসভা নির্বাচনে প্রধান বিরোধীদল কংগ্রেস বড় সাফল্য পেয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০২১ ১৪:২১ Asia/Dhaka
  • কর্ণাটকে পৌর নির্বাচনে বড় সাফল্য পেল কংগ্রেস, ধরাশায়ী বিজেপি

ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে পৌরসভা নির্বাচনে প্রধান বিরোধীদল কংগ্রেস বড় সাফল্য পেয়েছে।

অন্যদিকে, বিজেপি কার্যত ধরাশায়ী হয়েছে। আগামীকাল (রোববার) পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। তারআগে বিজেপি নিজ রাজ্য কর্ণাটকে বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।      

কর্ণাটকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনে আসন সংখ্যার নিরিখে  তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। ১১৯ আসন পেয়ে প্রথম স্থানে আছে কংগ্রেস, ৬৭ আসন পেয়ে দ্বিতীয় স্থানে জেডি(এস) এবং ৫৬ আসন পেয়ে তৃতীয় স্থানে বিজেপি। 

আজ (শনিবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, ১০টি পুরসভার মধ্যে ৭টিতে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ১টিতে।   

কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেন, কর্ণাটকের সাধারণ মানুষ কংগ্রেসের পক্ষে তাদের মত  প্রকাশ করেছেন। তাদের আমি ধন্যবাদ জানাই। বিজেপির অপশাসনের জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছেন।

কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া নির্বাচকদের অভিনন্দন জানিয়ে বলেন,  এই ফলাফলেই স্পষ্ট রাজ্যের শাসকদল বিজেপি ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকেননি তারা। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষই তাঁদের উচিৎ শিক্ষা দিয়েছে। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বর্তমান সরকার ভেঙে দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। 

গত (মঙ্গলবার) কর্ণাটকে ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফল প্রকাশের পরে দলীয় কর্মী-সমর্থকদের বর্তমান করোনা পরিস্থিতিতে কোনোরকম বিজয় মিছিল করতে নিষেধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি শিবকুমার। তিনি বলেন, এটা উচ্ছ্বাসের সময় নয়। কর্ণাটকের দলীয় কর্মীদের কাছে আবেদন, আপনারা বিজয় উৎসব করবেন না। দেশজুড়ে স্বাস্থ্যের জরুরি অবস্থা চলছে। এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়াবেন। তাঁদের জন্য কাজ করবেন।

কর্ণাটকে বর্তমানে বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন। ৭৮ বছর বয়সী ইয়েদুরাপ্পা সম্প্রতি করোনা আক্রান্ত হলে তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে তিনি দু’বার করোনা আক্রান্ত হলেন। গতবছর আগস্টেও তিনি একবার করোনা আক্রান্ত হয়েছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।