ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রী মুখ লুকিয়ে পালাচ্ছেন : মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তৎপরতার সমালোচনা করে বলেছেন, ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা প্রধানমন্ত্রী মুখ লুকিয়ে পালাচ্ছেন!
তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
আজ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসকদের ভার্চুয়াল বৈঠক হয়। কিন্তু প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে মুখ্যমন্ত্রীরা কিছু বলার সুযোগ পাননি অভিযোগ করে মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এতে তাঁরা অপমানিত হয়েছেন বলে মমতা মন্তব্য করেন।
মমতা বলেন, ‘টিকায় আমরা প্রথম। আমরা সবথেকে ভালো সিস্টেমে টিকায় কাজ করি। আমরা ভেবেছিলাম ভ্যাকসিনটা পাবো। দরকার হলে আমরা পয়সা দিয়ে কিনবো। কিন্তু সেই ভ্যাকসিনটা বাংলার সব মানুষকে ভ্যাকসিন প্রদান করবো। কিন্তু প্রধানমন্ত্রী আজ সেই সুযোগটা আমাদের দিলেন না। বিহারে নির্বাচনের আগে বলেছিলেন, বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। বাংলায় নির্বাচনের আগেও ওঁরা বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়ার কথা বলেছিলেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা নিজের মুখ লুকিয়ে পালাচ্ছেন! মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না! তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারকে বুলডোজ করা, দম্ভ দিয়ে গুঁড়িয়ে দেওয়া।’
প্রধানমন্ত্রীকে টার্গেট করে মমতা বলেন, ‘উনি তাঁর ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে। যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কী করে? কখনও কমে, কখনও বাড়ে। এই অবহেলা করার জন্য করোনা বেড়েছিল। ৬ মাস কোনও কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল।’
৮ দফায় নির্বাচন করার জন্য অন্য রাজ্য থেকে প্রায় ৫/৬ লাখ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসায় বাংলায় গ্রামে গ্রামে করোনা বেড়েছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। এখনও পর্যন্ত ১০৫ টা ব্যাটেলিয়ান রাজ্যে পড়ে আছে বলেও মমতা জানান। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।