‘ইয়াস’ ঘূর্ণিঝড়: মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চাইলেন মমতা
-
দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ‘ইয়াস’ সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সফর করেন। তিনি আজ পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে পর্যালোচনা বৈঠক করেন। আজ উড়িষ্যাতেও তিনি ইয়াস দুর্যোগ পরবর্তী অবস্থা খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে, তার জন্য সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়া হবে। আমি সকলের মঙ্গল কামনা করছি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কিত রিপোর্ট তুলে দেন এবং রাজ্যের জন্য আর্থিক প্যাকজে দেওয়ার দাবি জানান। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘প্রধানমন্ত্রীকে দুটো প্রকল্প আমরা দিয়েছি। একটা হল দীঘা উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ, আরেকটা হল সুন্দরবন উন্নয়ন করার জন্য ১০ হাজার কোটি টাকা অর্থাৎ ২০ হাজার কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি।’
তিনি খানিকটা হতাশার সুরে বলেন, 'পাবো না হয়তো আমরা কিছুই। কিন্তু যাইহোক প্রধানমন্ত্রীকে এটা আমরা দিয়ে আমি এটাই বলে এসেছি যে, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, তাই অতদূর থেকে আমি এসেছি। আমি এই কাগজটা আমি ও আমার মুখ্যসচিব দু’জনে দিয়ে গেলাম। আমার দীঘায় যাওয়ার কর্মসূচি থাকায় আমি সেখানে যাচ্ছি।’
মুখ্যমন্ত্রী আজ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মীনাখাঁ, ভাঙড়, সাগর, নামখানা, পাথরপ্রতিমাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন।
অন্যদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ে ত্রাণ সাহায্য বাবদ কেন্দ্রীয় সরকার তিন রাজ্যের জন্য মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এরমধ্যে উড়িষ্যার জন্য ৫০০ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড অর্থাৎ দুটি রাজ্যের জন্য মোট ৫০০ কোটি টাকা দেওয়া হবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।