পশ্চিমবঙ্গ বিধানসভায় দম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i92702-পশ্চিমবঙ্গ_বিধানসভায়_দম_বন্ধ_করে_দেওয়ার_হুঁশিয়ারি_দিলেন_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার পক্ষকে দম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (রোববার) বাঁকুড়ায় এ সংক্রান্ত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০২১ ১২:০২ Asia/Dhaka
  • বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি
    বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার পক্ষকে দম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (রোববার) বাঁকুড়ায় এ সংক্রান্ত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল।

বিজেপি নেতা দিলীপ ঘোষ  আজ বলেন, ‘দল ঠিকই আছে। বাংলায় ৩৮ শতাংশ ভোট পেয়েছে। বাংলার বাইরে হলে ওই সংখ্যক ভোটে আমরা সরকার গঠন করতে পারতাম। বিধানসভায় এখন আমাদের ৭৫ টা আসন  আছে। বিধানসভায় দমবন্ধ করে দেবো আর বাইরেও আন্দোলন করবো। যে ধরণের অত্যাচার-লুঠপাট শুরু হয়েছে, সাধারণ মানুষ খুব ভয়ের মধ্যে আছে।’ 

রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়কে কটাক্ষ করে দিলীপ বাবু বলেন,  ‘তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু বিজয় উৎসব করতে পারল না। ওরা মাংস রান্না করেছে, কিন্তু খেতে আসেনি কেউ।’

এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বিজেপি নেতা দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষে বলেন, ‘দম কেউ বন্ধ  করতে পারবে না। বাইরে আন্দোলন উনি কতদূর করতে পারেন, তা তো  দেখা গেছে। নির্বাচনে হেরে ভূত হয়ে গেছে। ১০০’র কোটা পেরোতে পারেনি ওরা। বড় বড় কথাই বলতে পারেন, মানুষ সব বুঝতে পেরেছে।’    

অন্যদিকে, তৃণমূল নেতা তাপস রায় বলেন,  ‘ভয়ঙ্কর কথা! সারা ভারতবর্ষে এমনিই গত ৭ বছরে দেশবাসীর দম বন্ধ করার পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি। বাংলার মানুষ তা বুঝতে পেরে তা থেকে পরিত্রাণ পেয়েছে গত বিধানসভা নির্বাচনে। সুতরাং ভয়ঙ্কর কথাবার্তা, হুমকি ছাড়া ওদের আর কোনো রাজনৈতিক কথাবার্তা নেই। এসব কথা না বলে দিলীপের বোধ হয় চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেজন্য এসব কড়া কড়া কথা বলে যদি সভাপতি পদে টিকে থাকা যায়, তাই কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।’      

আজ সকালে প্রাতঃভ্রমণ শেষে পোড়ামাটির হাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরও বলেন, 'বুথস্তরে সংগঠনকে  আমরা পোক্ত করতে পারিনি। সংঘর্ষের ভয় পেয়েছেন অনেকে। সেসব নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে।'  জঙ্গলমহলে পঞ্চায়েত ও লোকসভা ভোটে ভালো  ফল করলেও বিধানসভায় খারাপ ফল হয়েছে। এ ক্ষেত্রে কর্মীদের কম অভিজ্ঞতাই এ জন্য দায়ী বলে মনে করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।