বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনাকে গুরুত্ব দিলেন না সৌগত রায়
https://parstoday.ir/bn/news/india-i92872-বিজেপি_নেতা_রাজীব_বন্দ্যোপাধ্যায়ের_তৃণমূলে_ফেরার_জল্পনাকে_গুরুত্ব_দিলেন_না_সৌগত_রায়
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন ‘আমি ওঁর নামই মুখে আনতে চাই না।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০২১ ১৫:০২ Asia/Dhaka
  • সৌগত রায়
    সৌগত রায়

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন ‘আমি ওঁর নামই মুখে আনতে চাই না।’

তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন। রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।    

এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় বলেন, ‘উনি অনেকদিন আমাদের জ্বালিয়েছেন, বেসুরো হয়ে তৃণমূলে থাকার সময়ে। এবার একটু বিজেপিতে বেসুরো হোক। যিনি ৪০ হাজার ভোটে আমাদের একটা সাধারণ জেলা পরিষদের প্রার্থী, তাঁর কাছে হেরে গেছে, তাঁর কোনও গুরুত্ব নেই। আমি ওঁর নামই আনতে চাই না মুখে!’   

গতকাল (মঙ্গলবার) রাজ্যের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটার বার্তায় পরোক্ষভাবে বিজেপি নেতৃত্বের সমালোচনা করায় ফের তাঁর তৃণমূলে ফিরে আসার জল্পনা ছড়িয়েছে। ওই বার্তায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের উদেশ্যে বলেন, ‘সমালোচনা তো অনেক হলো। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লী আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড’ ও ‘ইয়াস’, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।’ 

এরপরেই অবশ্য বিজেপি নেতা সৌমিত্র খান রাজীব বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেন, ’৪২ হাজার ভোটে হেরে যাওয়ার পর মনে পড়লো?  বিজেপির ৪২ জনের বেশি কর্মীরা মারা গেছে, তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা। মোদি সরকার করোনার জন্য বিনামূল্যে ভ্যাকসিন, অক্সিজেন ও সবরকম সাহায্য করছে। ইয়াস ঘূর্নিঝড়ের জন্য মোদিজি নিজে এসেছেন। ৪ শো কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যেকে।’   তাঁর মন্তব্য-মন্ত্রী হতে পারেনি বলে, আবার কী পুরনো দলে ফিরতে ইচ্ছা করছে? আপনি নীরব না থেকে বিজেপির কর্মীদের পাশে থাকলে ভালো হয় বলেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য করেন বিজেপি নেতা সৌমিত্র খান। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।