কোলকাতায় ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি বিজেপি’র, পাল্টা মন্তব্য তৃণমূলের
https://parstoday.ir/bn/news/india-i93790-কোলকাতায়_ভুয়ো_ভ্যাকসিন_কেন্দ্র_নিয়ে_কেন্দ্রীয়_তদন্তের_দাবি_বিজেপি’র_পাল্টা_মন্তব্য_তৃণমূলের
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০২১ ১৩:৫৯ Asia/Dhaka
  • কোলকাতায় ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি বিজেপি’র, পাল্টা মন্তব্য তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে।

ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করে মানুষজনকে ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে এরইমধ্যে দেবাঞ্জন দেব, সুশান্ত দাস, রবিন সিকদার এবং শান্তনু মান্নাকে পুলিশ গ্রেফতার করেছে। এরমধ্যে মুখ্য অভিযুক্ত দেবাঞ্জনের সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। 

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ওই  ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে ঘটনার হস্তক্ষেপ চেয়েছেন।  

এব্যাপারে আজ (শনিবার) কোলকাতা পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ বলেন, ‘প্রচারের আলোয় থাকতেই ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। এই ঘটনার দায় সরকার অস্বীকার করছে না। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব রাজ্য সরকার নেবে। দিলীপবাবুদের কোনও দায় নেই। সিবিআই বাংলার কোনও তদন্তই সম্পূর্ণ করতে পারেনি। সিবিআই কেন এফবিআইতে গেলেও আমাদের কোনও  অসুবিধা নেই।’ 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, অভিযুক্ত দেবাঞ্জন দেব কোলকাতা পৌরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে একাধিক জায়গায়  ভুয়ো ক্যাম্প করেছেন। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কোভিশিল্ডের নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা কীভাবে সকলের নজর এড়িয়ে গেল?  ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কারও মৃত্যু হলে তা কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক গণটিকাকরণ অভিযানের পক্ষে খারাপ দৃষ্টান্ত হবে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

এছাড়া, অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের ছবির কথা  উল্লেখ করে, প্রভাবশালী মহলে তার যাতায়াত ছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে। এব্যাপারে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। তৃণমূলের পক্ষ থেকে এধরণের দাবি জানানোর সমালোচনা করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।