ভারতে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন
https://parstoday.ir/bn/news/india-i94832-ভারতে_ফোনে_আড়ি_পাতার_অভিযোগকে_কেন্দ্র_করে_সংসদ_চত্বরে_তৃণমূলের_বিক্ষোভ_প্রদর্শন
ভারতে ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (মঙ্গলবার) তৃণমূল এমপিরা ফোনে আড়ি পাতা বন্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময়ে তাঁরা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে স্লোগান দেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২০, ২০২১ ১৪:০১ Asia/Dhaka
  • ভারতে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন

ভারতে ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (মঙ্গলবার) তৃণমূল এমপিরা ফোনে আড়ি পাতা বন্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময়ে তাঁরা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে স্লোগান দেন।

আজ সংসদের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় ফোনে আড়ি পাতার বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল, আরজেডি ও ডিএমকে দলের এমপিরা প্রতিবাদে সোচ্চার হন। ব্যাপক হই হট্টগোল, স্লোগান ও বিক্ষোভের জেরে কয়েক দফায় অধিবেশনের কাজ স্থগিত করতে হয়। 

তৃণমূলের পক্ষ থেকে আগেই সংসদে নোটিস দিয়ে সব কাজের আগে ফোন হ্যাকিং সমস্যার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

এ সম্পর্কে আজ তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, ‘মূলত আমরা প্রতিবাদ করেছি পেগাসাস ইস্যুতে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জিসহ অন্যান্য নেতৃবৃন্দের, কংগ্রেসের রাহুল গান্ধী, আমাদের প্রশান্ত কিশোর, সাংবাদিক, সুপ্রিম কোর্টের বিচারপতি এমনকি বিজেপি নেতাদের উপরেও নজরদারি হচ্ছে পেগাসাসের মাধ্যমে। এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। সংসদে আমাদের আরও ইস্যু আছে। কৃষক ইস্যু আছে, কোভিডের ভ্যাকসিন ইস্যু আছে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি  আছে। এসব বিষয়ে আলোচনা না হলে হাউস চলতে পারবে না।’

এদিকে, আজ পেগাসাস ইস্যুতে দিল্লিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এ সময়ে যুব কংগ্রেস কর্মীরা বিভিন্ন প্রতিবাদ সূচক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এমপি পেগাসাস ইস্যুর তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চস্তরীয় বিশেষ তদন্ত টিম গঠন করার দাবি জানিয়েছেন। এই গোটা বিষয়টি খতিয়ে দেখা উচিত। এটিও গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা। এটি কোনও সাধারণ ঘটনা নয় বলেও আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এমপি মন্তব্য করেছেন। 

গণমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর রিপোর্টে প্রকাশ, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেতা-নেত্রী, শিল্পপতি, ব্যবসায়ীসহ ৩০০-এর বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এরমধ্যে কমপক্ষে ৪০ জন সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে।    

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য এটিকে ভারতীয় গণতন্ত্রকে বদনাম করার ষড়যন্ত্র এবং ফোনে আড়ি পাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনও সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছেন। কিন্তু ওই ইস্যুতে বিরোধীরা একযোগে প্রতিবাদে সোচ্চার হওয়ায় কেন্দ্রীয় সরকার অস্বস্তিতে পড়েছে। #           

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/ ২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।