গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে: তন্ময় ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ (সোমবার) রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ব্রাত্য বসু তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিধায়ক তন্ময় ঘোষকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিজেপির বহু বিধায়কই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপি আমাদের সঙ্গে রাজনীতিতে পেরে উঠছে না। সেজন্য প্রতিহিংসামূলক আচরণ করছে। সেই আচরণ মেনে নিতে পারছেন না গেরুয়া শিবিরের বহু নেতা-বিধায়ক। তাঁরা আমাদের সঙ্গে যোগ দিতে চান।’
তৃণমূলে যোগ দিয়ে তন্ময় ঘোষ বলেন, ‘বর্তমানে আমরা দেখছি সারা বাংলা জুড়ে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। বাংলায় যে বিধানসভা ভোট হয়ে গেল, সেখানেও জোরপূর্বক বাংলা দখলের চেষ্টা করল বিজেপি। সর্বত্র কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখিয়ে বাঙালিদের অধিকারের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ। আমি বাংলার দলমত নির্বিশেষে সমস্ত বিধায়ক ও এমপিকে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।’
এদিকে বিধায়কের দলবদল প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগাঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি বলেন, ‘উনি ভোটে জেতার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। সংগঠনের কোনও নেতা-কর্মীই ওনাকে চেনে না। বিষ্ণুপুরের মানুষ তাঁদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা বরদাশত করবে না।’
‘মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রভাব রাজনৈতিক জীবনে কতটা পড়ে, কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারবেন’ বলেও মন্তব্য করেছেন বিজেপির বিষ্ণুপুর সাংগাঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।