পশ্চিমবঙ্গে ফের বিজেপিতে ধস, তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস
-
বিধায়ক বিশ্বজিৎ দাস
ভারতের পশ্চিমবঙ্গের বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দিয়েছেন।
আজ (মঙ্গলবার) তিনি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মহিলা তৃণমূলের সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদারের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। একইসঙ্গে তাঁর সঙ্গে বিজেপি নেতা সুব্রত পাল, কাউন্সিলর মনোতোষ নাথ ও অন্যরাও তৃণমূলে যোগ দিয়েছেন।
গতকাল (সোমবার) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আজ (মঙ্গলবার) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তর ২৪ পরগনা জেলার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এভাবে রাজ্যে একেরপর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় কার্যত দলটিতে ধস নেমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত বিধানসভা নির্বাচনের আগে তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁদের প্রার্থী করে। এবং দু’জনেই নির্বাচনে জয়ী হন। অবশেষে এবার ফের তৃণমূলে ফিরে এলেন দুই বিজেপি বিধায়ক।
বিধায়ক বিশ্বজিৎ দাসের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপি’র ধ্বংসাত্মক রাজনীতির সঙ্গে নিজেকে মেলাতে পারছিলেন না বিশ্বজিৎ। দলের কাছে যোগদানের জন্য আবেদন করেন। দল তাঁর আবেদন গ্রহণ করেছে।’
বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেওয়ার পরে বিজেপি’র বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, ‘নৈতিকতার প্রশ্নে উনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিতে পারতেন। বাগদার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বজিৎ। উনি প্রতারক।’
অন্যদিকে, বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের যজ্ঞে শামিল হতেই বিজেপি ছেড়েছেন। ভুল বোঝাবুঝির কারণেই তৃণমূল ছেড়েছিলাম। সেটা ঠিক হয়নি। বিজেপিতে কাজের পরিবেশ নেই, দমবন্ধ হয়ে আসছিল। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা বোঝেন না। বাংলার আবেগ বিজেপি ধরতে পারেনি বলেও মন্তব্য করেন বিধায়ক বিশ্বজিৎ দাস। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।