তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ
বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে ন্যক্কারজনকভাবে অপব্যবহার করছে
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’কে কেউ ভয় পাচ্ছা না। সিবিআইতে যথেষ্ট দক্ষ, ভালো অফিসাররা আছে। সমস্যাটা হচ্ছে বিজেপি ন্যক্কারজনকভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বা অন্যান্য স্বশাসিত সংস্থাগুলোকে অপব্যবহার করছে।’ তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি আজ বলেন, ‘১৬ জন মানুষের মৃত্যু কী কম হল? আদালত সব তথ্য দেখে কমিশন পাঠিয়েছে, রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। যারা বলতেন সিবিআই কাজ করতে পারে না, তদন্ত শেষ করতে পারে না, তারাই এখন সিবিআইয়ের ভয় করছেন। বাঁচার শেষ চেষ্টা হিসেবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ ওই প্রসঙ্গে বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনকে দলদাসে পরিণত করেছে। যে রিপোর্টের উপরে দাঁড়িয়ে তদন্ত (সিবিআই) শুরু হয়েছে, সেখানে যদি রাজ্য সরকারের মনে হয় যে এই বিষয়টার মধ্যে কোনও ফাঁক আছে তাহলে তারা আইনে তাদের বক্তব্য বলতেই পারেন। এরসঙ্গে ভয় পাওয়া না পাওয়ার কোনও সম্পর্ক নেই।’
সম্প্রতি কোলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ‘নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় যত খুন আর ধর্ষণের অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বক্তব্য, তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে প্রতিহিংসার রাজনীতি হতে পারে। সঠিক বিচার না-ও পেতে পারে রাজ্য। এবার ওই ইস্যুতে বিজেপি নেতা ও তৃণমূল নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ শুরু হয়েছে।#
পার্সটুডে// এমএএইচ/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।