বিজেপি মিথ্যাচারে বিশ্বে প্রথম স্থানে আছে
https://parstoday.ir/bn/news/india-i97286-বিজেপি_মিথ্যাচারে_বিশ্বে_প্রথম_স্থানে_আছে
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বরে আছে। এরআগে অনেকরকম দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে।’ তিনি আজ (রোববার) কোলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ১২:৪০ Asia/Dhaka
  • বিজেপি মিথ্যাচারে বিশ্বে প্রথম স্থানে আছে

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বরে আছে। এরআগে অনেকরকম দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে।’ তিনি আজ (রোববার) কোলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকারের উন্নয়নের বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার একটি  উড়ালপুলের ছবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের পায়ের কাছে জ্বলজ্বল করছে কোলকাতার উড়ালপুলের ছবি। সঙ্গে লেখা,  ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগি আদিত্যনাথ ‘ অর্থাৎ যোগির নেতৃত্বে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, তারই ব্যাখ্যা রয়েছে ওই বিজ্ঞাপনে। 

এভাবে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘মা-উড়ালপুল কোলকাতা ও বাংলার একটা গর্ব। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে। সেই উড়ালপুলকে দেখে যদি যোগি (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ) প্রণাম করে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, সেই কাজকে আমরা অনুসরণ করব, তাহলে আমরা বুঝতাম যে, ডবল ইঞ্জিনের (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) বুদ্ধি ফিরেছে, তারা কাজ করতে চায়। কিন্তু  যেভাবে মিথ্যা প্রচার করছে, মা-উড়ালপুল ওনার। সারা উত্তর প্রদেশে যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, উন্নয়ন বন্ধ হয়ে গেছে, সেটা কার? তাই এই যে বিজেপি’র মিথ্যাচার, যোগির মিথ্যাচার এটা আবার মানুষের সামনে প্রকাশ হয়ে পড়ল।’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ওই  বিজ্ঞাপনের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেই ছবি চুরি করে যোগি নিজের রাজ্যের উন্নয়নের কথা বলছেন। দেখে মনে হচ্ছে বিজেপি’র সবথেকে শক্তিশালী রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ মডেল মুখ থুবড়ে পড়েছে। এখন সব কিছু বাইরে আসছে।’   

এ প্রসঙ্গে আজ রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘কোনও প্রমাণ নেই যে ওটা কোলকাতারই ফ্লাইওভার কী না। সারা কোলকাতায় কী শুধু এই মা-ফ্লাইওভারই এই সরকার করেছে? তৃণমূল কংগ্রেসের আমলে একটাই  ফ্লাইওভার হল। আর কতগুলো ফ্লাইওভার ভেঙে পড়ল। উত্তর প্রদেশে যমুনা এক্সপ্রেসওয়ে হয়েছে। উত্তর প্রদেশে প্রচুর রাস্তা হয়েছে।’  

‘ উত্তর প্রদেশের সামগ্রিক পরিকাঠামোর উন্নতি হয়েছে। আর পশ্চিমবঙ্গে ফ্লাইওভার ভেঙে পড়ছে’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। #        

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।