দিলীপ ঘোষের মন্তব্য
অন্য রাজ্যের লোককে সুযোগ দিতে অর্পিতা ঘোষকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি তৃণমূল থেকে নির্বাচিত এমপি অর্পিতা ঘোষের ইস্তফা প্রসঙ্গে বলেছেন, অন্য রাজ্যের লোককে সুযোগ দিতে অর্পিতা ঘোষকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন অর্পিতা ঘোষ। এ প্রসঙ্গে আজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অর্পিতা ঘোষের জায়গায় এবার নতুন লোককে সুযোগ দেওয়া হচ্ছে। অর্পিতা ঘোষ সাংসদ হয়েছেন, জেলা সভাপতি হয়েছেন, আবার রাজ্যসভাতেও ছিলেন। তাই এবার অন্য রাজ্য থেকে অন্য লোককে সুযোগ দেওয়া হচ্ছে। আর সেই কারণেই তাঁকে ইস্তফা দিতে হল।’ বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যকে রাজ্যের তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম একে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে অর্পিতা ঘোষ আজ বলেন, ‘ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি। বিধানসভা নির্বাচনের পর থেকেই আমার মাথায় ঘুরছিল যে কী ভাবে দলের কাজ করব। আমি খুব মন দিয়ে সংগঠন করতে চাই, আর থিয়েটারটা করতে চাই। আমার থিয়েটারের ভীষণ ক্ষতি হচ্ছিল। রাজ্যস্তরে যদি কোলকাতায় থেকে সংগঠনের কাজ করতে পারি, তা হলে আমার থিয়েটার করতেও সুবিধা হবে।’
প্রসঙ্গত, মেয়াদ শেষের সাড়ে চার বছর আগে গতকাল (বুধবার) আচমকা রাজ্যসভার এমপি পদ ছেড়েছেন বিশিষ্ট নাট্যশিল্পী তৃণমূলের অর্পিতা ঘোষ। এরপর থেকে রাজনৈতিক মহলে ওই ইস্যুতে নানা জল্পনা শুরু হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।