উত্তর প্রদেশে মুসলিম ভোটের আশায় মসজিদে মসজিদে প্রচারপত্র বিতরণ করবে কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i97836-উত্তর_প্রদেশে_মুসলিম_ভোটের_আশায়_মসজিদে_মসজিদে_প্রচারপত্র_বিতরণ_করবে_কংগ্রেস
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধীদল কংগ্রেস মুসলিমদের ভোট পাওয়ার লক্ষ্যে প্রায় সাড়ে আট হাজার মসজিদে প্রচারপত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৬:৩৫ Asia/Dhaka
  • উত্তর প্রদেশে মুসলিম ভোটের আশায় মসজিদে মসজিদে প্রচারপত্র বিতরণ করবে কংগ্রেস

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধীদল কংগ্রেস মুসলিমদের ভোট পাওয়ার লক্ষ্যে প্রায় সাড়ে আট হাজার মসজিদে প্রচারপত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি শাহনাওয়াজ আলম বলেন, ৬ সেপ্টেম্বর, পার্টির পরিবর্তন সংকল্প সম্মেলনে ১৬ দফা সংকল্পপত্র জারি করা হয়েছিল, যা প্রত্যেক শুক্রবার জুম্মা নামাজের দিন মসজিদের বাইরে বিতরণ করা হবে। কংগ্রেসের এই প্রচারণাকে সমাজবাদী পার্টির ভোট ব্যাংকে হানা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

উত্তর প্রদেশের রাজনীতিতে একসময়ে মুসলিম ভোট কংগ্রেসের দিকে ছিল, কিন্তু প্রায় তিনদশক ধরে কংগ্রেস শুধু ক্ষমতা থেকে দূরে নয়,  মুসলিমদের থেকেও দূরে। কংগ্রেসের ওই ভোট সমাজবাদী পার্টিতে (সপা)  স্থানান্তরিত হয়েছে। এখন কংগ্রেস তার মুসলিম ভোট ফিরে পেতে লড়াই  শুরু করছে। কংগ্রেসের ১৬ দফা সংকল্পপত্রে রাজ্যে মুসলিমদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কংগ্রেসের সংকল্পপত্রে বিজেপি এবং ‘সপা’  সরকারের আমলে মুসলিমদের বিরুদ্ধে গৃহীত সমস্ত পদক্ষেপের তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে প্রায় ২০ শতাংশ মুসলিম ভোটার রয়েছে এবং ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে ১৪৩ টি আসনে মুসলমানদের সরাসরি প্রভাব রয়েছে। এরমধ্যে ৭০টি আসন এমন, যেখানে মুসলিম জনসংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ। এবং ৭৩ টি আসন এমন যেখানে ৩০ শতাংশের বেশি মুসলিম। এরমধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ এবং তরাই অঞ্চলের আসন। কংগ্রেস তাদের প্রচারণার আওতায় আগামী চার শুক্রবারের মধ্যে ২৫ লাখ মুসলমানের বাড়িতে সংকল্পপত্র পৌঁছে দেবে। বলা হয়েছে, মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে আইন করার জন্য রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব পাঠানো হবে।

কংগ্রেসের সংকল্পপত্রে বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’এবং জাতীয় নাগরিক পঞ্জি ‘এনআরসি’বিরোধী আন্দোলনে নথিভুক্ত মামলা  প্রত্যাহার করা হবে। উত্তর প্রদেশ গরু জবাই প্রতিরোধ আইনে উচ্চ  আদালত কর্তৃক খারিজ করা মামলায় জড়িত নিরীহ মানুষদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ওয়াকফ সম্পত্তির দুর্নীতির তদন্ত করার পরে দোষীদের শাস্তি দেওয়া হবে। ‘সপা’সরকারের আমলে ঘটে যাওয়া ছোট-বড় সব দাঙ্গার বিচার বিভাগীয় তদন্ত করার পর অপরাধীদের শাস্তি দেওয়া হবে। কানপুরে ১৯৯২ সালের দাঙ্গার তদন্তের জন্য গঠিত মাথুর কমিশনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজ্য পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য বিশেষ ক্যাম্প স্থাপন করা হবে। মাদ্রাসার আধুনিকীকরণ এবং শিক্ষকদের বকেয়া বেতনের জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হবে বলেও কংগ্রেসের সংকল্পপত্রে উল্লেখ করা হয়েছে। এসব ছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।