ভবানীপুর উপনির্বাচন
মমতা বড় মিথ্যাবাদী-শুভেন্দু: বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ- ফিরহাদ হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি’র প্রচারের সময়ে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।
আজ (সোমবার) রাজ্য বিজেপি’র সাবেক সভাপতি দিলীপ ঘোষ ভবানীপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গেলে গোলযোগ ও অশান্তি সৃষ্টি হয়। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন। এ সময়ে যদুবাবুর বাজারে তাঁর মিছিল ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। এ সময়ে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ওই ধাক্কাধাক্কির মধ্যে পড়ে এক বিজেপি কর্মীর মাথা ফেটে গেছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে, দিলীপ ঘোষের সরকারি দেহরক্ষী পিস্তল উঁচিয়ে তৃণমূলের এক মহিলা সমর্থককে হুমকি দিয়েছেন।
এ প্রসঙ্গে আজ রাজ্যের পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘সাধারণ মানুষ বিজেপি’র প্রতি বীতশ্রদ্ধ হয়ে প্রতিবাদ করছে। কেউ ওদেরকে আটকায় না। বিজেপি খায়, না মাথায় দেয় যে তাকে আটকাবে, তাকে গুরুত্ব দেবে। ওদের কোনও মূল্য নেই। ওরা হচ্ছে নিজেরা নিজেদের গুরুত্ব সৃষ্টিকারী। একটা দল কী করে এত মিথ্যে কথা বলতে পারে! এত ভুল বলতে পারে? এত ব্যক্তিগত আক্রমণ করতে পারে? এজন্য মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।’
অন্যদিকে, আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেন। তিনি বলেন, গোটা পৃথিবীতে যদি সবচেয়ে বড় মিথ্যাবাদী কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু আজ ভবানীপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে বলেন, ‘উনি শুভেন্দুকে হারাতে গিয়ে নিজে হেরে চলে এসেছেন! এরকম নির্লজ্জ রাজনৈতিক লোক ভারতবর্ষে স্বাধীনতার পরে পাবেন না। এই প্রথম একজন হারা লোক ভোটে দাঁড়িয়ে বলছে, আমাকে তোমরা একটা একটা করে ভোট দাও, নইলে পাবে না। এত কীসের মধু আছে? মধু কোথায় আছে? আপনি নাকি ত্যাগের প্রতীক? লজ্জা লাগে না বলছেন ঘুরে ঘুরে, আমাকে মুখ্যমন্ত্রী থাকার জন্য ভোট দাও!’
পশ্চিমবঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর কোলকাতার ভবানীপুর কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন হবে। তিনটি কেন্দ্রেই ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।#
পার্সটুডে/এম এ এইচ/গাজী আবদুর রশীদ/২৭