'অসমের দরং জেলায় উচ্ছেদের নামে রাষ্ট্রীয় মদদে বর্বরতা চালিয়েছে বিজিপি'
গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার করতে চাচ্ছে বিজেপি-আরএসএস : বৃন্দা কারাত
ভারতে সিপিআই(এম)-এর পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত বলেছেন, গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার করতে চাচ্ছে বিজেপি-আরএসএস।
গতকাল (বৃহস্পতিবার) অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করে বলেন, ‘আইন, সংবিধান ও মানবাধিকারের উপরে স্টিমরোলার চালাচ্ছে অসমের ডবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার)। শুধুমাত্র তারা মুসলিম সম্প্রদায়ের হওয়ার কারণেই তাঁদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে, গুলি করে হত্যা করে উচ্ছেদ করেছে বিজেপি সরকার।’
সম্প্রতি অসমের দরং জেলার সিপাঝাড়ে এক উচ্ছেদ অভিযানে স্থানীয় মানুষজন রুখে দাঁড়ালে পুলিশের গুলিতে সাদ্দাম হুসেন ও শেখ ফরিদ নামে দু’জন নিহত হয়। রাজ্য সরকারের দাবি, তারা অবৈধভাবে ওই জমিতে বাস করছিলেন, সেজন্য তাঁদের নোটিশ দিয়ে উচ্ছেদ করা হয়েছে।
সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত বলেন, ‘অসম সরকার যে অজুহাত তুলে ধলপুর-গরুখুঁটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে তা বাধা না দিলে আগামী দিনে যেকোনো এলাকায় উচ্ছেদ চালাবে সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, এরা নাকি বেদখলকারী। বিজেপি নেতারা বলছেন এরা বিদেশি। কিন্তু এই এলাকার পরিবারের হাতে ভারতীয় প্রমাণপত্র রয়েছে। জাতীয় নাগরিক পঞ্জিতে (এনআরসি) নাম আছে। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তারা এখানে বাস করছেন। ‘সন্দেহভাজন বিদেশি’ কিংবা ‘বেদখলকারী’ প্রমাণ করতে পারবেন না বলে এখানকার জমি জরিপ করেনি সরকার। এমনকি তাঁদের কাগজপত্র দেখতে চাননি মুখ্যমন্ত্রী। শুধুমাত্র তারা মুসলিম সম্প্রদায়ের হওয়ার কারণেই তাঁদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে, গুলি করে হত্যা করে উচ্ছেদ করেছে বিজেপি সরকার।’
তিনি আরও বলেন, ‘এখানে কেবলমাত্র সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে তাঁদের উচ্ছেদ করছে এমন নয়। একইসঙ্গে সাংবিধানিক, গণতান্ত্রিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটিয়েছে বিজেপি সরকার। দেশের আইনকে পদদলিত করেছে। বিজেপি সাংবিধানিক নিয়মে ক্ষমতা দখল করে সংবিধানকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। তা রুখতে না পারলে দেশের সর্বনাশ হয়ে যাবে।’
বৃন্দা কারাত আরও বলেন, তাঁর রাজনৈতিক জীবনে বহু অমানবিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। কিন্তু দরং জেলায় উচ্ছেদের নামে অসমের বিজেপি সরকার নিরীহ মানুষদের উপর যে অত্যাচার চালিয়েছে তা এক কথায় রাষ্ট্রীয় মদদে বর্বরতা ছাড়া আর কিছু নয়। দু’দিনে একহাজারের বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ওই মানুষগুলো নদীর চরে খোলা আকাশের নীচ রাত কাটাচ্ছেন। ঘরে খাবার নেই। নদীর ঘোলা পানি তাঁদের পান করতে হচ্ছে। গর্ভবতী মহিলা, যুবতীরা নানাবিধ সমস্যায় পড়েছেন। শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।বৃন্দা কারাতের সঙ্গে অসমের ধলপুর-গরুখুঁটিতে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পাশে দাঁড়াতে যাওয়া সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রকাশ মজুমদার বলেন, ‘গরু খুঁটিতে অধিকাংশ পরিবার মুসলিম। মাত্র ষাটটি পরিবার হিন্দু। এই ষাট পরিবারকে কিন্তু উচ্ছেদ করেনি।’
সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত ধলপুর-গরুখুঁটিতে পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দলের পক্ষ থেকে তাঁদের হাতে একলাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। #
পার্সটুডে/এমএএইচ/আমির/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।