'শুভেন্দু অধিকারী সম্পর্কে বেইমান, ধান্দাবাজ যা বলেছি, বেশ করেছি'
https://parstoday.ir/bn/news/india-i99874-'শুভেন্দু_অধিকারী_সম্পর্কে_বেইমান_ধান্দাবাজ_যা_বলেছি_বেশ_করেছি'
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বেইমান, ধান্দাবাজ ইত্যাদি যা বলেছি, বেশ করেছি। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২১ ১৫:০৩ Asia/Dhaka
  • 'শুভেন্দু অধিকারী সম্পর্কে বেইমান, ধান্দাবাজ যা বলেছি, বেশ করেছি'

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বেইমান, ধান্দাবাজ ইত্যাদি যা বলেছি, বেশ করেছি। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

গতকাল (বুধবার) নন্দীগ্রামে এক অনুষ্ঠানে রাজ্যের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার-বেইমান ইত্যাদি বলে কটাক্ষ করায় তাঁর বিরুদ্ধে কাঁথি আদালতে মানহানির মামলা দায়ের করেছেন বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।      

এ প্রসঙ্গে আজ তৃণমূল নেতা ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কাঁথি আদালতে আমার নামে একটি মামলা হয়েছে, আমি শুনেছি। ‘অকৃতজ্ঞ’, ‘বেইমান’, ‘পাল্টিবাজ’,   ‘সুবিধাবাদি’,  ‘গিরগিটি’,  ‘ধান্দাবাজ’ শুভেন্দু অধিকারীকে বলেছিলাম। আমি বেশ করেছি বলেছি। ওঁর ভাই যদি কোনও মামলা করে থাকেন মহামান্য আদালত তার বিচার করবে। বিচারকও বাংলার মানুষ। কারা তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে দুনিয়ার পদ পাওয়ার পরেও বিজেপিতে গিয়ে   পিঠে ছুরি মারছে তা সারা বাংলার সবাই জানে। কিছু কথা আমি কড়া ভাবে বলেছি, কটা কথা একটু নরম ভাবে বলেছি। আমি যা বলেছি বেশ করেছি। আইন আইনের পথে চলবে। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী বিষয়টি দেখে নিচ্ছেন।’

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘১০ নভেম্বর নন্দীগ্রামে রাজনৈতিক সমাবেশ থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে একাধিক আপত্তিকর বাক্য প্রয়োগ করেছেন। তাতে অধিকারী পরিবারের সম্মানহানি হয়েছে। সেজন্য সৌমেন্দু কাঁথি মহকুমা আদালতে মানহানির মামলা করেছেন।’   

শুভেন্দু অধিকারী একসময়ে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই থেকে তৃণমূল নেতারা তাঁকে বিভিন্ন সময়ে টার্গেট করে বিশ্বাসঘাতক, বেইমান, গাদ্দার ইত্যাদি বলে কটাক্ষ করে থাকেন। #

 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।