আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপের পর বোরেলের টুইট
'চুক্তির জন্য সব পক্ষের সদিচ্ছা ও ছাড় দেয়ার মানসিকতা প্রয়োজন'
-
জোসেপ বোরেল
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষকে সদিচ্ছা ও ছাড় দেয়ার মানসিকতা প্রদর্শন করতে হবে। তিনি শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনালাপ করার পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
বোরেল বলেন, ভিয়েনা সংলাপকে দ্রুত শেষ করা ও পরমাণু সমঝোতায় পুরাপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষের সদিচ্ছা ও ছাড় দেয়ার মানসিকতা প্রয়োজন।
গত বছরের ২৯ ডিসেম্বর থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত অষ্টম দফা সংলাপ চলছে। পাঁচ জাতিগোষ্ঠী নামে পরিচিত এসব দেশের পাশাপাশি আমেরিকাকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই করেছিল।

ওই সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।
কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।#
পার্সটুডে/এমএমআই/এআর/৬