বিকল্প থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে আমেরিকা এই পথ বেছে নিত না
https://parstoday.ir/bn/news/iran-i104496-বিকল্প_থাকলে_আফগানিস্তান_থেকে_সেনা_প্রত্যাহারে_আমেরিকা_এই_পথ_বেছে_নিত_না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার সামনে যদি কোনো বিকল্প থাকতো তাহলে এমন বিব্রতকরভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতো না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৫:৪৭ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার সামনে যদি কোনো বিকল্প থাকতো তাহলে এমন বিব্রতকরভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতো না।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেছেন

তিনি বলেন, আফগানিস্তানে ২০ বছরের দখলদারিত্বের পর আমেরিকার সামনে যদি মর্যাদাপূর্ণ কোনো পথ থাকত এবং এই ধরনের বিব্রতকর অবস্থা এড়ানোর সুযোগ থাকত তাহলে তারা কোনমতেই এই পথ বেছে নিত না। আমির আব্দুল্লাহিয়ানের এই বক্তব্য আজ (রোববার) প্রেস টিভিতে সম্প্রচার হয়েছে

সাক্ষাতকারে তিনি জানান, আফগানিস্তান থেকে আমেরিকা তাদের সেনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রত্যাহারের দাবি করলেও শেষ পর্যায়ে তারা ইরানের সহযোগিতা চেয়েছিল। সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান স্পষ্ট করে বলেছেন, আফগান জনগণের প্রতিরোধের কারণে আমেরিকা ২০ বছর পরে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। সাবেক সোভিয়েত আগ্রাসনের পরেও আফগান জনগণ একইভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত মাসে তেহরান সফরের সময় তালেবান সরকার স্বীকৃতির অনুরোধ জানালে তাকে বলা হয়েছে, আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠন করা হলেই কেবল ইরান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। আফগানিস্তানকে তিনি মর্যাদাপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২