রেড লাইন বাদ দিয়ে চুক্তির জন্য তাড়াহুড়ো করবে না তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i104786-রেড_লাইন_বাদ_দিয়ে_চুক্তির_জন্য_তাড়াহুড়ো_করবে_না_তেহরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে পশ্চিমা পক্ষগুলো যে তাড়াহুড়ো করছে তাতে যোগ দিয়ে নিজের স্বার্থের ব্যাপারে রেড লাইন ক্রস করবে না তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২২ ০৬:৪১ Asia/Dhaka
  • জোসেফ বোরেলের সঙ্গে (বামে) আমির আব্দুল্লাহিয়ানের টেলিফোন আলাপ
    জোসেফ বোরেলের সঙ্গে (বামে) আমির আব্দুল্লাহিয়ানের টেলিফোন আলাপ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে পশ্চিমা পক্ষগুলো যে তাড়াহুড়ো করছে তাতে যোগ দিয়ে নিজের স্বার্থের ব্যাপারে রেড লাইন ক্রস করবে না তেহরান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে গতকাল (শুক্রবার) টেলিফোন আলাপে এসব কথা বলেছেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, “দ্রুত একটি ভালো চুক্তির খসড়া চূড়ান্ত করার ব্যাপারে ইরান প্রস্তুত তবে চুক্তির জন্য পশ্চিমা দেশগুলো যেভাবে তাড়াহুড়ো করছে, তা করবে না তেহরান।”

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যে রেড লাইন ঘোষণা করেছে তা পরিপূর্ণভাবে প্রতিফলিত হলেই কেবল চূড়ান্ত চুক্তির জন্য সব পক্ষের পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় উপস্থিত হতে পারেন। চূড়ান্ত চুক্তিতে ইরানের অর্থনৈতিক সুবিধা কার্যকরভাবে নিশ্চিত করার গ্যারান্টি থাকতে হবে বলেও আমির আব্দুল্লাহিয়ান উল্লেখ করেন।

টেলিফোন আলাপে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেন, ইরানের প্রধান দাবিগুলো সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে মেনে নেয়া হয়েছে। তিনি বলেন, ভিয়েনা সংলাপে অগ্রগতি হয়েছে এবং আলোচনা সঠিকভাবে চূড়ান্ত ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৫