ভিয়েনা সংলাপ নিয়ে টেলিফোনালাপ করলেন কাতার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা
https://parstoday.ir/bn/news/iran-i105124-ভিয়েনা_সংলাপ_নিয়ে_টেলিফোনালাপ_করলেন_কাতার_ও_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীরা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপ করছেন। শনিবার সন্ধ্যার ওই টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক বিভিন্ন বিষয়াদি নিয়েও আলোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২২ ০৫:৩২ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ নিয়ে টেলিফোনালাপ করলেন কাতার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপ করছেন। শনিবার সন্ধ্যার ওই টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক বিভিন্ন বিষয়াদি নিয়েও আলোচনা করেন।

এর একদিন আগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল জানান, কিছু ‘বহিরাগত ফ্যাক্টরের’ কারণে ভিয়েনা সংলাপ স্থগিত করা হয়েছে। ২০২১ সালের এপ্রিলে শুরু হওয়া ওই সংলাপে ইইউ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ওই সংলাপ থেকে শিগগিরই একটি ফল বেরিয়ে আসবে এবং একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে যখন কূটনৈতিক সূত্রগুলো খবর দিচ্ছিল তখন এই সংলাপ স্থগিত হয়ে গেল।

ধারনা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে যাতে এই সংলাপ আবার চালু করা যায় তা নিয়ে শলাপরামর্শ করতেই কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি তার ইরানি সমকক্ষকে টেলিফোন করেছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী ১০ দিন আগেও একবার টেলিফোনে কথা বলেছেন।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।

কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।