কাতারে আটক ৩ ইরানি পাইলটের বিষয়ে রেড ক্রসের হস্তক্ষেপ চায় তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i162204-কাতারে_আটক_৩_ইরানি_পাইলটের_বিষয়ে_রেড_ক্রসের_হস্তক্ষেপ_চায়_তেহরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বিষয়ক কমিটির প্রধান কাতারে আটক তিন ইরানি পাইলটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের কাছে একটি চিঠি দিয়েছেন।
(last modified 2026-08-15T14:04:54+00:00 )
আগস্ট ১৫, ২০২৬ ২০:০৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মদ বাকেরজাদে
    সাইয়্যেদ মোহাম্মদ বাকেরজাদে

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বিষয়ক কমিটির প্রধান কাতারে আটক তিন ইরানি পাইলটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের কাছে একটি চিঠি দিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বিষয়ক কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মোহাম্মদ বাকেরজাদে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্ট মারিয়ানা স্পোলিয়ারিচকে লেখা চিঠিতে গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ইরানের বিমানবাহিনী বৈধ আত্মরক্ষার অংশ হিসেবে কাতারে শত্রুপক্ষের ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এ অভিযানের অংশ হিসেবে ২ মার্চ দু'টি সুখোই-২৪ যুদ্ধবিমান কাতারে সামরিক লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায়। ফেরার পথে ইরানি পাইলটদের বিমান থেকে ইজেক্ট করতে হয়। চার পাইলটের মধ্যে একজন মাজিদ কাজেমি শহীদ হন। অপর তিন পাইলট জাওয়াদ সালেহি, আবদুল মজিদ দাশতিয়ান ও ইমরান বেহরুশিয়ান জীবিত অবস্থায় আটক হন।

ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদে বলেন, ইরানি পাইলটদের আটক হওয়ার ছয় মাস পেরিয়ে গেছে। এরিমধ্যে কাতার সরকার চারটি জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে। তিনি বলেন, কূটনৈতিকভাবে বিষয়টি অনুসরণ করা হলেও এখনো আটক পাইলটদের সঙ্গে তাদের পরিবারের সদস্য বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎ কিংবা যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

তৃতীয় জেনেভা কনভেনশনের ৭০ ও ৭৮ নম্বর ধারার উল্লেখ করে তিনি বলেন, আটক ব্যক্তিদের নিজেদের পরিবারের সদস্য ও রেড ক্রস কমিটিকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করার অধিকার রয়েছে। একইসঙ্গে অভিযোগ জানানোর এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকারও তাদের রয়েছে।

চিঠির শেষাংশে ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদে আটক পাইলটদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের প্রতি দ্রুত ইরানি বন্দিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা, তাদের শারীরিক ও স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে প্রতিবেদন পেশ এবং তাদের মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।