সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা চলবে না: ইরান
-
মাজিদ তাখতে রাভাঞ্চি
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার সুযোগ নেই।
গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাখা বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় রাভাঞ্চি সিরিয়ার মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতিরও নিন্দা ও সমালোচনা করেন। তিনি আরব এ দেশটি থেকে দখলদার সেনাদের প্রত্যাহারের জোরালো আহ্বান জানিয়ে বলেন, বিদেশি সেনাদের সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুটপাট বিশেষ করে তেল ও কৃষিজাতপণ্য চুরির অবশ্যই অবসান ঘটাতে হবে।
ইরানি রাষ্ট্রদূত বলেন, বিদেশি সেনাদের এইসব অপরাধ শুধুমাত্র সিরিয়ার ভৌগোলিক সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে না বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব ও জাতিসংঘ সনদেরও লঙ্ঘন। পাশাপাশি সিরিয়া অর্থনীতিকে পুনর্গঠনের যে প্রচেষ্টা চলছে তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, সিরিয়া সংঘাতের এক দশকের বেশি সময় পর এসে একথা প্রমাণ হয়েছে যে, একটি মাত্রই সমাধান আছে; সেটি হচ্ছে সিরিয়ার নাগরকিদের নেতৃত্বে সংলাপ অনুষ্ঠান এবং জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার জনগণের অংশগ্রহণে রাজনৈতিক সফল করা। ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর যে সন্ত্রাসী হামলা চালায় তারও নিন্দা করেন মাজিদ তাখতে রাভাঞ্চি।#
পার্সটুডে/এসআইবি/২৭