গুরুত্বপূর্ণ আলোচনা করতে ইরান সফরে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
-
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করার জন্য শিগগিরই ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির আমন্ত্রণে প্রেসিডেন্ট মাদুরো শনিবার দুই দিনের সফরে তেহরান পৌঁছাবে বলে কথা রয়েছে। তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
তেহরান সফরকালে প্রেসিডেন্ট মাদুরো ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠক করবেন এবং দুদেশের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের সংলাপে যোগ দেবেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা বলদর্পী মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের মুখে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুদিন আগে ভেনিজুয়েলা মারাত্মকভাবে জ্বালানি তেলের সংকটে পড়ে। তখন ইরান কয়েকটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল পাঠিয়েছিল।
বহুদিন ধরে মার্কিন সরকার ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে আসছে। এজন্য ওয়াশিংটন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে এবং ভেনিজুয়েলার বিরোধীদলকে ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯