ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার দায়ে ১৪ জনকে অভিযুক্ত করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i113738-ইরানের_পরমাণু_বিজ্ঞানী_হত্যার_দায়ে_১৪_জনকে_অভিযুক্ত_করল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেকে হত্যার দায়ে ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তেহরানের চিফ প্রসিকিউটর আলী সালেহি এই তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৯:২৬ Asia/Dhaka
  • বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের কফিন
    বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের কফিন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেকে হত্যার দায়ে ১৪ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তেহরানের চিফ প্রসিকিউটর আলী সালেহি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে গতকাল রোববার আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হয়ে ইরানবিরোধী তথ্য ও গোয়েন্দা কর্মকাণ্ডে অংশ নিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

২০২০ সালের ২৭ নভেম্বর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করা হয়। সে সময় ইরান অভিযোগ করেছিল যে, ইহুদিবাদী ইসরাইল এই হত্যার পিছনে জড়িত এবং আমেরিকার গোয়েন্দারা ইসরাইলকে সহযোগিতা করেছে।

হত্যাকাণ্ডের এক বছর পর মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, রিমোট কন্ট্রোলের সাহায্যে রোবট ব্যবহার করে বিজ্ঞানী ফাখরিজাদেকে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে।

নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে, ২০০৭ সাল থেকে ইসরাইল বিজ্ঞানী ফাখরিজাদের পেছনে লেগে ছিল এবং তার সমস্ত কর্মকাণ্ড নজরদারিতে রেখেছিল। দীর্ঘ ১৪ বছর নজরদারিতে রাখার পর তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করতে সফল হয়।#

পার্সটুডে/এসআইবি/২৬