দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণে অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে আইআরজিসি
ইরানে দাঙ্গাকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত
-
আইআরজিসি’র তেহরান ঘাঁটির কমান্ডার হাসান হাসানজাদে
ইরানে হিজাব পরতে অস্বীকৃতি জানানো নারীদের মাধ্যমে শুরু হওয়া সাম্প্রতিক সহিংসতায় দাঙ্গাবাজদের হামলায় স্বেচ্ছাসেবী বাহিনী- বাসিজের তিন সদস্য নিহত ও ৮৫০ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তেহরান ঘাঁটির কমান্ডার হাসান হাসানজাদে।
তিনি বলেছেন, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছেন এবং সে নির্দেশ পালন করা হয়েছে।
ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
হাসান হাসানজাদে বলেন, সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এবারের নৈরাজ্য সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে এবং তারা মিথ্যা ও বিকৃত তথ্য পরিবেশন করে দাঙ্গাকারীদের উস্কে দিয়েছে। ইরানের ইসলামি শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে পশ্চিমা গণমাধ্যমগুলোর এসব অপকর্ম সত্ত্বেও এবারের সহিংসতা ইরান সরকারের জন্য বড় সুযোগে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আইআরজিসি’র তেহরান ঘাঁটির কমান্ডার বলেন, সাম্প্রতিক সহিংসতায় চিহ্নিত দাঙ্গাবাজদের পৃষ্ঠপোষকরা শুধু লাশের সংখ্যা বাড়াতে চেয়েছিল।কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে সাধারণ জনগণ দাঙ্গাকারীদের সঙ্গে যুক্ত হয়নি এবং এখানেই ইরান সরকারের জনসমর্থন প্রমাণিত হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।