সংকটে নিপতিত নেতানিয়াহু সরকার
চূড়ান্তভাবে ক্ষয়ে যাবে ইহুদিবাদী ইসরাইল: ইরান
-
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, সংকটে নিপতিত ইহুদিবাদী ইসরাইল চূড়ান্তভাবে অধঃপতিত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।
কানয়ানি বলেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে দখলদার ইসরাইল যে কষ্টকর ও দুর্বিষহ পদক্ষেপ নিচ্ছে তা ব্যর্থ হবে এবং ইসরাইলের সরকারের পতন ঠেকাতে পারবে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সহিংস পদক্ষেপের কঠোর নিন্দা জানান কানয়ানি।
ইরানি মুখপাত্র বলেন, অভ্যন্তরীণ সংকট বাদেও নেতানিয়াহু গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং ১৯৬৭ সালে দখল করা জেরুজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ত্রিমুখী লড়াই মোকাবেলার জন্য যে নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছে তাতে কোনো লাভ হবে না।
বর্ণবাদী ইসরাইল সরকার সম্প্রতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ রকমের নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে ইসরাইলি সেনারা জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালায়। এতে অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ এবং আরো ১০ জন আহত হন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২