সৌদি আরবের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i161752-সৌদি_আরবের_আবকাইক_তেল_প্রক্রিয়াকরণ_স্থাপনায়_অগ্নিকাণ্ড
পার্সটুডে: ব্লুমবার্গ জানিয়েছে, স্যাটেলাইটে ধারণ করা ছবিতে সৌদি আরবের পূর্বাঞ্চলের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের চিত্র দেখা গেছে।
(last modified 2026-07-28T10:02:58+00:00 )
জুলাই ২৮, ২০২৬ ১৫:৩৭ Asia/Dhaka
  • সৌদি আরবের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ড
    সৌদি আরবের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ড

পার্সটুডে: ব্লুমবার্গ জানিয়েছে, স্যাটেলাইটে ধারণ করা ছবিতে সৌদি আরবের পূর্বাঞ্চলের আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের চিত্র দেখা গেছে।

আরব জার্নালের বরাত দিয়ে পার্সটুডে জানায়, ব্লুমবার্গ একটি স্যাটেলাইট-চিত্র বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের তথ্য উদ্ধৃত করে বলেছে, সোমবার ‘সেন্টিনেল-২’ স্যাটেলাইটে ধারণ করা ছবিতে আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনার ভেতরে ধোঁয়া ও অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা থাকায় এই স্থাপনাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার একাধিক ড্রোন হামলার কথা জানান। তাঁর দাবি, এসব হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে বিস্তৃত এলাকায় তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেনের আকাশসীমা সৌদি আরবের শত্রু ড্রোন দিয়ে লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সৌদি আরবকে সতর্ক করে বলেছে, ইয়েমানের ওপর অবরোধ অব্যাহত রাখলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ বছরে সৌদি বিমান হামলায় নিহত কয়েক হাজার মানুষের রক্ত ইয়েমেনের জনগণ কখনো ভুলবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবকে বুঝতে হবে—রিয়াদ বিমানবন্দরের পরিস্থিতি যেন সানার বিমানবন্দরের মতো হয় এবং ইয়ানবু, জিজানসহ অন্যান্য বন্দরের পরিস্থিতিও যেন হোদেইদাহ বন্দরের মতো হয়—এমন অবস্থার সৃষ্টি হতে পারে।#

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।