ইরানি কর্মকর্তার তথ্য
সৌদি আরবের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ইরান আসছে
সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল আগামী কয়েকদিনের মধ্যে ইরান সফরে আসবে। ইরানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রদর্শনী উপলক্ষে সৌদি প্রতিনিধি দলের এ সফর অনুষ্ঠিত হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক ডেস্কের প্রধান মেহেদি সাফারি গতকাল (বৃহস্পতিবার) বলেন, সৌদি বাণিজ্য প্রতিনিধি দল এক্সপো ২০২৩-এ অংশ নেবে। আগামী ৭ থেকে ১০ মে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সাফারি জানান, সৌদি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির সরকারের একজন সিনিয়র উপ মন্ত্রী।
ইরান এবং সৌদি আরব তাদের দূতাবাস চালু করবে ৯ মে। সৌদি বাণিজ্য প্রতিনিধি দলের সফরের মধ্যেই দূতাবাস চালু হবে। মার্চ মাসের প্রথম দিকে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি হয়।
মেহেদি সাফারি জানান, ইরান এক্সপোতে ৬০টি দেশের প্রতিনিধি যোগ দেবেন এবং আশা করা হচ্ছে এ সময় ১০০ কোটি ডলার বাণিজ্য চুক্তি হবে।
তবে এই মেলা চলাকালীন সৌদি প্রতিনিধি দলের সাথে ইরানের কোনো চুক্তি হবে কিনা তা তিনি পরিষ্কার করেননি। সৌদি সরকার বলে আসছে, তারা ইরানের সাথে বাণিজ্য এবং জ্বালানি প্রকল্পে লেনদেন করতে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।