মিউনিখের বিপণিকেন্দ্রে হামলার তীব্র নিন্দা জানাল ইরান
জার্মানির মিউনিখ শহরের একটি বিপণিকেন্দ্র গতকালের (শুক্রবার) গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ঐক্যমতের আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (শনিবার) ওই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি তেহরানের পক্ষ থেকে জার্মানির সরকার ও জনগণকে সমবেদনা জানান।
তিনি বলেন, যেকোনো স্থানে এবং যে আকারেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হোক না কেন আন্তার্জাতিক সমাজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। এছাড়া, আন্তর্জাতিক ঐক্যমতের ভিত্তিতে সব রাষ্ট্রকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
কাসেমি আরো বলেন, নিরাপরাধ এবং নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করা আজ মানব ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বৈত নীতি পরিহার না করলে তা নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে একজন বন্দুকধারী গুলি চালায়। এতে নয় ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো ২০ জন আহত হয়।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। পুলিশের কাছে তার বিষয়ে আগের কোনো তথ্য নেই। তার বিরুদ্ধে অপরাধের কোনো রেকর্ডও নেই। সে কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তাও স্পষ্ট নয়। পরে সন্দেহভাজন হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে।
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর বুজবুর্গে একটি ট্রেনে কুঠার ও ছুরি নিয়ে হামলা চালিয়ে এক কিশোর চার ব্যক্তিকে আহত করার কয়েক দিন পর এ হামলার খবর এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩