‘মিউনিখ হত্যাকাণ্ডের সঙ্গে প্রবাসী ইরানি নাগরিকদের যোগসূত্র নেই’
-
পুষ্পস্তবক দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
জার্মানির মিউনিখে শুক্রবারের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জার্মান প্রবাসী ইরানি নাগরিকদের কোনো ধরনের সম্পর্ক নেই। এ কথা বলেছেন, মিউনিখস্থ ইরানি কনস্যুলেটের কনস্যুল জেনারেল আবদুল্লাহ নিকোনাম। তিনি বলেছেন,দেশটিতে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে মিউনিখের ঘাতকের কোনো সম্পর্ক নেই বলে জার্মান পুলিশের তদন্তে দেখা গেছে।
তিনি আরো বলেন, জার্মান জনগণ প্রবাসী ইরানি নাগরিদেরকে আগের মতোই ইতিবাচক এবং অনুকূল মনোভাব নিয়ে বিবেচনা করা অব্যাহত রাখবে।
ইরানি কনস্যুল জেনারেল আরো বলেন, তার সঙ্গে মিউনিখের পুলিশ প্রধান এবং তার এক সহকারীর বিস্তারিত আলোচনা হয়েছে। শুক্রবারের হত্যাকাণ্ডের একদিন পরই এ আলোচনা হয়।
আবদুল্লাহ নিকোনাম আরও জানান, বৈঠকে ঘাতকের ব্যক্তিগত তথ্য এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়েও কথা হয়েছে।
এর আগের খবরে বলা হয়েছে, মিউনিখে ৯ ব্যক্তির হত্যাকারীর সঙ্গে নরওয়ের আত্মস্বীকৃত গণহত্যাকারী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের যোগাযোগ ছিল। জার্মান পুলিশ এ কথা জানিয়ে বলেছে, গণহত্যা চালাতে অঙ্গীকারাবদ্ধ ছিল মিউনিখের হত্যাকারী।
মিউনিখের ঘাতক তরুণের মানসিক সমস্যা ছিল। হতাশায় ভোগার কারণে তার মানসিক চিকিৎসা চলছিল বলেও পুলিশের দেয়া তথ্য থেকে জানা গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২৪