আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ীকে নয়া সর্বোচ্চ নেতা নির্বাচন করে যা বলল বিশেষজ্ঞ পরিষদ
https://parstoday.ir/bn/news/iran-i157648-আয়াতুল্লাহ_মুজতাবা_খামেনেয়ীকে_নয়া_সর্বোচ্চ_নেতা_নির্বাচন_করে_যা_বলল_বিশেষজ্ঞ_পরিষদ
পার্সটুডে- ইরানের বিশেষজ্ঞ পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজাতাবা খামেনেয়ীকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০২৬ ০৫:৫৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী
    সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী

পার্সটুডে- ইরানের বিশেষজ্ঞ পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজাতাবা খামেনেয়ীকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালনকারী এই পরিষদ নয়া সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে:

বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইসলামী ইরানের সম্মানিত ও স্বাধীনচেতা জনগণ, আপনাদের প্রতি আল্লাহর সালাম ও রহমত বর্ষিত হোক। বিশেষজ্ঞ পরিষদ মহান নেতা হজরত আয়াতুল্লাহ আল উজমা ইমাম খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে অন্য শহীদদের বিশেষ করে সশস্ত্র বাহিনীর সাহসী কমান্ডারগণ এবং মিনাব শহরে শাজারে তাইয়্যেবা স্কুলের শিক্ষার্থীদের শাহাদাতে শোক জানাচ্ছে। পাশাপাশি আমেরিকার অপরাধী সরকার ও দুষ্কৃতকারী ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে।

এই পরিষদ ঘোষণা করছে যে, ইসলামী বিপ্লবের প্রাজ্ঞ ও দূরদর্শী নেতার শাহাদাতের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই যুদ্ধের কঠিন পরিস্থিতি, এই জনসমর্থিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত্রুদের সরাসরি হুমকি এবং বিশেষজ্ঞ পরিষদের সচিবালয়ের দপ্তরে বোমাবর্ষণ ও তাতে এই প্রতিষ্ঠানের নিরাপত্তা টিমের সদস্যসহ কয়েকজন কর্মী শহীদ হওয়া সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্রের নতুন নেতা নির্বাচন ও ঘোষণা করার প্রক্রিয়ায় এক মুহূর্তও বিলম্ব করা হয়নি। সংবিধান ও পরিষদের অভ্যন্তরীণ বিধিমালায় নির্ধারিত দায়িত্ব অনুযায়ী জরুরি বৈঠক আয়োজন এবং নতুন নেতা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সম্মানিত প্রতিনিধিদের একত্রিত করার জন্য যথাযথ পরিকল্পনা ও সমন্বয় করা হয়, যাতে সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী পরিষদ গঠন করা সত্ত্বেও দেশ যেন সর্বোচ্চ নেতা বিহীন অবস্থায় না থাকে।

বিশেষজ্ঞ পরিষদ ইমাম মাহদি (আ.)’র গেইবাতের যুগে বেলায়াতে ফকিহ-এর উচ্চ মর্যাদা এবং ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থায় সর্বোচ্চ নেতার গুরুত্বকে অনুবাধন করে মর্যাদা, স্বাধীনতা ও দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত বিপ্লবের দুই নেতার ৪৭ বছরের বিজ্ঞচিত ব্যবস্থাপনা ও পরিচালনার প্রতি সম্মান জানাচ্ছে। একইসঙ্গে এই পরিষদ সেই জননন্দিত ঐশী নেতাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ঘোষণা করছে যে, বিস্তৃত ও গভীর পর্যালোচনার পর সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা ব্যবহার করে ধর্মীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে এবং মহান আল্লাহকে সাক্ষী রেখে আজ (রোববার) জরুরি অধিবেশনে বিশেষজ্ঞ পরিষদের সম্মানিত প্রতিনিধিদের নিরঙ্কুশ ভোটে নির্বাচিত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা।

সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ ভিত্তিক অস্থায়ী নেতৃত্ব পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মানিত ইরানি জাতিকে বিশেষ করে হাওজা ও বিশ্ববিদ্যালয়ের আলেম ও বুদ্ধিজীবীদেরকে নতুন নেতার প্রতি আনুগত্য ঘোষণা এবং বেলায়েত কেন্দ্রিক ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি মহান আল্লাহর দরবারে এই দেশ ও মহান জনগণের ওপর তাঁর অনুগ্রহ ও করুণা অব্যাহত জন্য দোয়া করা হচ্ছে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ পরিষদ- ৮ মার্চ, ২০২৬

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।